পাকিস্তানকে নিয়ে চাপে নেই ভারত অধিনায়ক
শিরোপা লড়াইয়ে নামতে দল প্রস্তুত, আত্মবিশ্বাসী উচ্চারণে বললেন ভারত অধিনায়ক চিঙ্গলেনসানা কনশ্যাম সিং।
পাকিস্তানকে নিয়ে কি চাপ অনুভব করছেন? প্রশ্ন শুনে স্মিত হাসি দিলেন ভারত অধিনায়ক চিঙ্গলেনসানা কনশ্যাম সিং। শুরুতে বললেন, কোনো চাপই অনুভব করছেন না তিনি। পরে অবশ্য এই ডিফেন্ডার মেনে নিলেন, ফাইনাল ম্যাচ হলে চাপ কিছুটা থাকেই।
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মঙ্গলবার রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। ভারত এই প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। ফাইনালের মঞ্চে এবারই প্রথম পা রেখেছে পাকিস্তান।
সাফের আঙিনায় দুই দলের মুখোমুখি লড়াইয়ের চিত্র অবশ্য ভারতের জন্য দারুণ ইতিবাচক; ১০ ম্যাচে ভারতের জয় আটটি, পাকিস্তানের একটি। বাকি ম্যাচটি ড্র।
চলতি আসরেই গ্রুপ পর্বে দেখা হয় এই দুই দলের। রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে দেয় ভারত। প্রত্যয়ী কণ্ঠে কনশ্যাম সিং জানালেন, প্রস্তুত তার দল।
“আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় এবং বেশ কিছু প্রতিভাবান তরুণও রয়েছে। কোচও বলেছেন, আমরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চাই। আগের ম্যাচগুলো থেকে অনেক কিছু নিয়ে কাজ করেছি। ফাইনালের আগে আরও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং আগামীকালের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।”
“প্রতিটি দলের বিপক্ষেই আমরা একই মানসিকতা নিয়ে খেলি। তবে এর অর্থ এই নয় যে, আমরা বাড়তি কোনো চাপে থাকব। আমাদের জীবনের সবচেয়ে আনন্দের বিষয় হলো ফুটবল খেলা এবং ফুটবল উপভোগ করা। আমাদের কোচ সবসময় এটা করতেই উৎসাহিত করেন। কোনো চাপ নেই। তবে জেতার একটা চাপ অবশ্যই আছে। একজন খেলোয়াড় কিংবা কোচ হিসেবে এমন চাপ থাকাটাও অনেক আনন্দের বিষয়। আমরা এ ধরনের পরিস্থিতিতে খেলতে পছন্দ করি। আগামীকালের জন্য আমরা রোমাঞ্চিত ও খুশি।”
সাফের ফাইনালে ভারতের নেতৃত্ব দেওয়া নিয়েও ভীষণ রোমাঞ্চিত কনশ্যাম সিং। জাতীয় দলে ও ক্লাব পর্যায়ে কিংবদন্তি সুনিল ছেত্রির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানালেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার।
“কোচ আমার ওপর যে আস্থা রেখেছেন এবং দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন, সেটি আমার জন্য অনেক বড় বিষয়। দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তরুণদের পাশে থাকা এবং তাদের সহযোগিতা করাও আমার দায়িত্ব। এটি অবশ্যই অনেক বড় দায়িত্ব, তবে বাড়তি কোনো চাপ নেই। কারণ, আমরা আগেও এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি।
“ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ক্লাব এবং জাতীয় দলে তার সঙ্গে থাকার সুযোগ হয়েছে। তিনি কীভাবে পরিস্থিতি সামলান, কীভাবে দলকে পরিচালনা করেন, সেসব আমি কাছ থেকে দেখেছি। আমিও তার কিছু বিষয় অনুসরণ করার চেষ্টা করি। আমরা দেশের হয়ে খেলতে এসেছি। যেটা গর্বের বিষয়। আমরা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আগামীকালও ট্রফি জয়ের জন্য নিজেদের সর্বোচ্চটা দেব।”
