১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী খেলোয়াড়দের দলে নেওয়ার বিষয়ে ভারত কোচের ভাবনা

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা অনেক প্রবাসী খেলোয়াড় দলে ভিড়িয়েও, এবারের সাফ চ্যাম্পিয়নশিপে তারা পারেনি সাফল্যের চূড়ায় উঠতে।

প্রবাসী খেলোয়াড়দের দলে নেওয়ার বিষয়ে ভারত কোচের ভাবনা

ছবি: মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 02:36 AM

Updated : 18 Nov 2026, 02:36 AM

শ্রীলঙ্কা দলে ১৯ জন, বাংলাদেশ দলে ১২ জন, পাকিস্তান দলে ৯ জন প্রবাসী। কিন্তু এই তিন দলের কেউই সাফ চ্যাম্পিয়নশিপে পায়নি কাঙ্ক্ষিত সাফল্য। শ্রীলঙ্কা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। বাংলাদেশ ছিটকে যায় সেমি-ফাইনাল থেকে। পাকিস্তান হেরেছে ফাইনালে। সেখানে ভারত স্থানীয় খেলোয়াড়দের নিয়েই বাজিমাত করেছে। তবে, দলটির কোচ নওশাদ মুসা প্রবাসীদের দলে ভেড়ানোর বিরোধী নন মোটেও।

কেবল স্থানীয় নয়, ভারতের এই দলের অধিকাংশ খেলোয়াড় যুব দলের। মুসা নিজেও যুব দলের কোচ। খালিদ জামিল সিনিয়রদের নিয়ে নিউ জিল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কারণে তরুণদের নিয়ে সাফ খেলতে ঢাকায় আসেন মুসা। শিরোপা ধরে রাখার কাজটি তিনি করেছেন পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে।

প্রবাসীদের পারফরম্যান্সে সওয়ার হয়েই পাকিস্তান এবার প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠে। শিরোপা লড়াইয়ের শুরুতে তারা এগিয়ে যায়। কিন্তু সুহাইল ভাট ও সন্দ্বীপ মান্ডির গোলে ঘুরে দাঁড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত।

দক্ষিণ এশিয়ার অনেক দেশের প্রবাসী খেলোয়াড়ের দিকে ঝুঁকে পড়া নিয়ে নিজের ভাবনা জানান মুসা।

“দেখুন, আমার মনে হয় এটা খারাপ কিছু না। সব দেশই এটা করছে। এটি খারাপ কিছু নয়। যখন আপনার কাছে অন্য দেশে বা বিদেশে থাকা এমন কোনো খেলোয়াড় থাকে, যার অরিজিন এখানকার এবং সে যদি সত্যিই ভালো হয়।

“পাকিস্তানের দিকে তাকান, তাদের যে সাতজন খেলোয়াড় (প্রবাসী) ছিল, তারা অনেক পার্থক্য গড়ে দিয়েছিল। তো কেন নয়? কারণ প্রতিটি, প্রতিটি দেশই এটি করছে। হ্যাঁ, কিন্তু আবারও…যা হয় তা হলো, এখন দেখুন (স্থানীয়দের নিয়ে) এই জয়, যা আমাকে ভারতে ফুটবল প্রসারেও সাহায্য করবে। তারা তরুণদের ওপর আরও বেশি বিশ্বাস করতে শুরু করবে এবং আমরা আরও বেশি অর্থ বিনিয়োগ করতে শুরু করব।”