ময়মনসিংহে ৯ দিনব্যাপী বইমেলা শুরু, অংশ নিয়েছে ৭৩ প্রকাশনা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনা এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
ময়মনসিংহে শুরু হয়েছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। এতে অংশ নিয়েছে ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে আটটি সরকারি ও ৬৫টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনা এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার বিকালে নগরের টাউন হলের সামনে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রুকন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আব্দুর রব মোশাররফ বক্তব্য দেন।
বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির বলেন, “একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। এই বন্ধুকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে পারলে একটি প্রগতিশীল সমাজ গড়ে উঠবে; যা তথ্যভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।”
আয়োজকেরা জানান, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
বইমেলার পাশাপাশি থাকছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ নভেম্বর কবিতা আবৃত্তি, ২৬ নভেম্বর চিত্রাঙ্কন, ২৭ নভেম্বর কচিকাঁচার উৎসব এবং ২৮ নভেম্বর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২৯ নভেম্বর কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ১ ডিসেম্বর স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ এবং ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে।
বইমেলা ময়মনসিংহ বিভাগের পাঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা আয়োজকদের। এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বাড়ানো এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
