১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণ রঙ, বেকারিকে ২ লাখ জরিমানা

বেকারিটিতে উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদনের তারিখও ছিল না বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 07:33 PM

Updated : 17 Nov 2026, 07:33 PM

লক্ষ্মীপুরে খাবারের সঙ্গে মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির দায়ে একটি বেকারি মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় মধুবন বেকারি অ্যান্ড সুইটসের মালিক মো. আল হাবিবকে এ দণ্ড দেওয়া হয়।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান বলেন, বেকারিটিতে উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ছিল না। এ ছাড়া খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণ ফুড কালার ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করা হচ্ছিল।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে বেকারির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

দণ্ড পাওয়া আল-হাবিব পৌরসভার বাঞ্চানগর এলাকার আবদুল করিমের ছেলে ও মধুবন বেকারির স্বত্বাধিকারী।

অভিযানে লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।