দীপিকার নির্দিষ্ট কর্মঘণ্টা ফের আলোচনায়, সমর্থন করণ-অক্ষয়ের
দীপিকার ৮ ঘণ্টার বেশি কাজ করতে না চাওয়াকে ভুল কিছু মনে করেন না করণ।
প্রথমবার মা হওয়ার পর বলিউডি নায়িকা দীপিকা পাড়ুকোনের দুই শর্ত-কাজের নির্দিষ্ট সময় আর চড়া পারিশ্রমিক বিষয়টি তোলপাড় তোলে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে। ওই কারণে বড় বাজেটের দুই সিনেমা ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল হাতছাড়াও হয় নায়িকার।
ওই তর্কে দুই ভাগে ভাগ হন বলিউডের শিল্পীরা; কেউ দীপিকাকে সমর্থন করেন, কেউ বা করেন কটাক্ষ।
এর মধ্যে দীপিকার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখেছে। ফের সামনে এসেছে দীপিকার ৮ ঘণ্টার পালার প্রসঙ্গ।
সংবাদমাধ্যম ‘নিউজ এইট্টিন’ জানিয়েছে, দীপিকার ওই দাবির সমর্থনে এতদিন পর পাশে দাঁড়িয়েছেন প্রযোজক ও পরিচালক করণ জোহর। সায় দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমারও।
চ্যাট শো ‘কফি উইথ করণের’ নবম ও শেষ সিজনের একটি পর্বে করণ বলেন, “যখন দীপিকা বলে সে শুধু ৮ ঘণ্টাই কাজ করবে, একজন প্রযোজক হিসেবে আমি তার সম্মান করি। বুঝতে পারছি না, এটা নিয়ে এত জল ঘোলা করার কী আছে।”
ঘরে-বাইরে দুজায়গাতেই তাল সামলে ভালোভাবে কাজ করায় দীপিকার প্রশংসা করে করণ বলেন, “এ ধরনের দাবি তোলা দীপিকার অধিকার। তিনি একজন পরিশ্রমী নারী, একজন মা এবং একজন স্ত্রী। পাশাপাশি একজন পেশাদার অভিনেত্রীও। কেন তিনি নিজের অধিকার আদায়ে আওয়াজ তুলতে পারবেন না?”
দীপিকার ৮ ঘণ্টার বেশি কাজ করতে না চাওয়াকে ভুল কিছু মনে করেন না করণ।
তার কথায়, এ ধরনের একটি নিয়ম দাঁড় করানো গেলে সেটি পুরো ইন্ডাস্ট্রির জন্যই লাভজনক হতে পারে।
বলিউডে গুটি কয়েক অভিনেতা আছেন, যারা ৮ ঘণ্টার বেশি কাজ না করার নিয়ম মেনে আসছেন অনেক আগে থেকেই। তবে কেন কোনো অভিনেত্রী এই দাবি করতে পারবেন না, সেই প্রশ্নও তোলেন করণ।
অক্ষয়ও দীপিকাকে সমর্থন করে বলেন, এতে সিনেমা জগতেরই উপকার হবে। নির্দিষ্ট কর্মঘণ্টা বেঁধে দেওয়া হলে সেটে সব কাজ গোছানোভাবে শেষ করা সম্ভব বলে মনে করেন তিনি।
দীপিকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে, অক্ষয়ের ‘নিয়মতান্ত্রিক জীবনের’ উদাহরণ টানের করণ।
‘রুটিনমাফিক’ জীবনধারার জন্য বলিউডে অক্ষয় কুমারের সুখ্যাতি রয়েছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ‘গুছিয়ে’ কাজ করতে পছন্দ করেন এই অভিনেতা। অনেক বছর ধরেই ঘণ্টা মেপে কাজ করে আসছেন তিনি। এমনকি শুটিং চলাকালে ৮ ঘণ্টা পূরণ হতেই কাজ অসম্পূর্ণ রেখে সেট থেকে বেরিয়ে যাওয়ার কাণ্ডও ঘটিয়েছেন অক্ষয়।
করণ অক্ষয়ের ব্যক্তিজীবনের এই ভারসাম্য রক্ষার প্রশংসা করেন। এই বয়সেও ভোরে উঠে ব্যায়াম করা থেকে শুরু করে খাদ্যাভাসে নিয়ন্ত্রণ- সব কিছুতেই কঠোর নিয়ম মেনে সুস্থ জীবনচর্চায় পারদর্শী খিলাড়ি কুমার।
এইসময় অক্ষয়ের সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন করণ। একসঙ্গে কাজ শুরু করার আগে অক্ষয়ের কড়া রুটিনের চর্চা শুনেছিলেন তিনি। অনেকেই তাকে বলেছিলেন, ‘অক্ষয় এটা করেন, অক্ষয় ওটা করেন’। তবে কাজের ক্ষেত্রে, অক্ষয়ের মত ‘পেশাদার মানুষ আর দেখেননি’ বলে মন্তব্য করেন করণ।
