১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রভাস কি দীপিকার পাশে দাঁড়াতে পারতেন না?

চিত্রনাট্য বদলে অভিনেত্রীর চরিত্রের দৈর্ঘ্য ‘ক্যামিও পর্যায়ে’ নামিয়ে আনা হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 12:31 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ভারতে দক্ষিণী তারকা প্রভাস একটু চেষ্টা করলেই নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েল থেকে দীপিকা পাড়ুকোন নাকি বাদ পড়তেন না। 

এই খবর দিয়েছে বলিউড হাঙ্গামা। এই সংবাধমাধ্যমটি বলছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েলে দীপিকা ২০ দিনের মত শুটিও সেরেছিলেন। পরে চিত্রনাট্য বদলে অভিনেত্রীর চরিত্রের দৈর্ঘ্য ‘ক্যামিও পর্যায়ে’ নামিয়ে আনা হয়।

‘গ্রেট অন্ধ্রা’ নামক এক দক্ষিণী সংবাদমাধ্যমের বরাতে বলিউড হাঙ্গামা বলছে, দীপিকার কাজের সময়সীমা নিয়ে কিছু শর্ত ছিল ঠিকই, তবে প্রভাস বিষয়টি জানার পরও হাত গুটিয়ে বসে থাকেন। এই অভিনেতা যদি মধ্যস্থতা করতেন, তাহলে দীপিকাকে কাজটি ছেড়ে দিতে হত না।

অর্থাৎ, প্রভাস দীপিকার সামনে ঢাল হয়ে দাঁড়ালে প্রযোজক-পরিচালকরা ‘এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেতেন না’।

আর প্রভাসের টিম বলছে, এই অভিনেতা সাধারণত কাস্টিং নিয়ে মাথা ঘামান না।

কল্কির প্রযোজনা প্রতিষ্ঠান ‘বৈজয়ন্তী মুভিজ’ এক্সে কদিন আগে জানিয়েছে, দীপিকা কল্কি ২৮৯৮ এডি সিনেমার সিকুয়েলে আর থাকছেন না। অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ‘বৈজয়ন্তী মুভিজ’।

তারা বলছে, শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্য হয়েছে দীপিকাকে। তাই জনপ্রিয় এই সিনেমা থেকে দীপিকাকে ‘বাদ দেওয়া হয়েছে’।

বলিউড হাঙ্গামা বলছে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার প্রথম পর্বে দীপিকা যে পারিশ্রমিক নিয়েছিলেন, দ্বিতীয় পর্বের জন্য ২৫ শতাংশ বেশি চেয়ে বসেন দীপিকা। কিন্তু প্রভাস, অমিতাভ বা অন্যান্যরা বাড়তি পারিশ্রমিক দাবি করেননি।

এছাড়া প্রতিদিন ৭ ঘণ্টার বেশি শুটিং করবেন না, এমন শর্তও দিয়ে বসেন দীপিকা। এসব শর্তের বদলে নির্মাতারা এই নায়িকাকে বিলাসবহুল ভ্যানিটি ভ্যান দিতে চেয়েছিলেন বিশ্রামের জন্য। কিন্তু অভিনেত্রী তাতে রাজি হননি।

শুটিংয়ের সময় দীপিকা সাধারণত একা আসেন না সেটে। সে সময় তার সঙ্গে থাকে ২৫ জন সহকারীর একটি বড় দল।

এই সিনেমার সিকুয়েলের সময় শুটিংয়ের জন্য দীপিকা নির্মাতা টিমকে বলেন, তার দলবলকে পাঁচ তারকা হোটেলে রাখতে হবে। এবং যাতায়াত এবং খাওয়াদাওয়াসহ সব খরচও বহন করতে নির্মাতা টিমকে।

এদিকে দীপিকার এসব দাবি পূরণ করতে গেলে সিনেমার বাজেট বেড়ে যায়, তাই এসব শর্ত নাকচ করে দেওয়ার পাশাপাশি তারা সিনেমা থেকে দীপিকাকেও বাদ দিয়ে দিয়েছে। দক্ষিণী তারকা প্রভাসের।

গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর এখনো নতুন কোনো সিনেমার শুটিং শুরু করেননি দীপিকা। তবে তিনি আলোচনায় আসেন ‘স্পিরিট’ সিনেমা ঘিরে। মাসখানের আগে খবর আসে ২০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ায়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দেন। এছাড়া সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন নায়িকা।

দীপিকার ‘অস্বাভাবিক’ দাবির কারণেই নাকি পরিচালক এই সিদ্ধান্ত নেন।

এছাড়া দীপিকা নির্মাতার কাছে বলেছিলেন, তিনি আট ঘণ্টা কাজ করবেন, এর বাইরে নয়। এছাড়া তেলেগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়ার ঘটনা নিয়ে বলিউডে এর পর শুরু হয় অভিনেত্রীর পক্ষে-বিপক্ষে বিতর্ক।

তবে আগামীতে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে দীপিকাকে।

এছাড়া অভিনয় কমিয়ে দিয়ে প্রযোজক হিসেবেই বেশি মনোযোগী হতে চাইছেন দীপিকা।

সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, আগামী বছর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন দীপিকা।