২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মিরপুর-১ এ দুই দফা উচ্ছেদ অভিযান, পুরো ঢাকায় চালানোর ঘোষণা ডিএনসিসির

অভিযানে পুলিশের স্থানীয় উপকমিশনার ও সাধারণ মানুষ সহযোগিতা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 09:06 PM

Updated : 28 Oct 2026, 09:05 PM

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে বুধবার সকাল ও বিকালে দুই দফা অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে শফিকুল ইসলাম খান বলেন, “দীর্ঘদিন ধরে কিছু অসাধু হকার ও দখলদার রাস্তা এবং ফুটপাত বন্ধ করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল। ফলে নগরবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল।”

জনগণের হাঁটার রাস্তা উন্মুক্ত করে দেওয়াকে নিজের ‘নৈতিক দায়িত্ব’ মন্তব্য করে তিনি বলেন, “ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ ধরনের অভিযান পুরো ঢাকা শহরেই পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

“পরাজিত শক্তি ও ফ্যাসিবাদ যারা পালিয়ে গেছে, তাদের সাথে সমন্বয় করে কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ার স্বপ্নকে নস্যাৎ করতে চায়, তবে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।”

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে পুলিশের স্থানীয় উপকমিশনার ও সাধারণ মানুষ সহযোগিতা করেন।