‘দখলদাররা উৎসাহিত হয় এমন প্রশ্ন করবেন না’, সাংবাদিকদের বললেন ডিএসসিসি প্রশাসক
গুলিস্তানে হকার উচ্ছেদের সময় তাদের পুনর্বাসন নিয়ে প্রশ্ন করলে সাংবাদকিদের এ কথা বলেন তিনি।
সড়ক ও ফুটপাত দখলকারীরা ‘উৎসাহিত হয়’ এমন প্রশ্ন না করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় তাদের পুনর্বাসন নিয়ে প্রশ্ন করলে সাংবাদকিদের এ কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, “গণমাধ্যমের কাছে অনুরোধ, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে অবৈধ দখলকারীরা উৎসাহিত হয়। ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী, দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন।”
বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, “জনগণের চলাচলের বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে, বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে। এর কোনো বিকল্প নেই।”
বৃহস্পতিবার গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় উচ্ছেদ অভিযান চালানোর কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসসিসি। দোকানপাট উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ করা হয়।
বারবার অভিযানের পরও হকাররা কীভাবে ফিরে আসছে, সাংবাদিকদের এ পশ্নে আবদুস সালাম বলেন, “যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব।
“একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।”
ফুটপাত দখলের পক্ষে যত যুক্তি বা অজুহাতই দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
