সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো জুলাইয়ের হত্যা মামলায়
এদিন সকালে বারিধারা থেকে তাকে আটক করে এসআরবি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই আন্দোলনের এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান ডিএমপি উপ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন।
তবে কোন হত্যা মামলা বা এ মামলার বাদী কে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
পল্টন থানার ওসি আরিফুল আলম বলেন, সাঈদ খোকনকে জুলাই আন্দোলনের পল্টন থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলাটি সম্পর্কে আর কোনো তথ্য দিতে চাননি তিনি।
এদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি।
সে সময় এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছিলেন, তার বিরুদ্ধে ৩০টির অধিক মামলা রয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে সে সিদ্ধান্ত হয়নি।
অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
