০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

তাদের বিরুদ্ধে গত ১৮ অগাস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 08:30 PM

Updated : 01 Oct 2026, 08:31 PM

জুলাই আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে আত্মসমর্পণ করার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়কে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়।

দেড়মাস আগের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের প্রতিবেদন দেখে এ আদেশ দেয় ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের প্রতিবেদন তুলে ধরেন প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন।

শুনানিতে তিনি বলেন, গত ১৮ আগস্ট এ মামলায় ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু আসামিদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়ে তাদের পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলে পরোয়ানা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

শুনানিতে বলা হয়, যেহেতু আসামিরা গা ঢাকা দিয়েছেন, তাই তাদের হাজির হতে বা আত্মসমর্পন করতে দুটি জাতীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা যেতে পারে।

এরপর ট্রাইব্যুনাল আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির তারিখ রেখে রেজিস্ট্রার কার্যালয়কে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।

গত ১৮ অগাস্ট ৩৮ আসামির বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক অভিযোগ’ আমলে নিয়ে ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

গ্রেপ্তার আসামিরা হলেন- রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

এদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ৫ অগাস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি চালিয়ে হত্যা করা হয়।

একই সময় শাহ মখদুম কলেজের সামনে হত্যাকাণ্ডের শিকার হন আনজুম সাকিব। এছাড়া হামলায় আহত হন সালমান ওরফে শিমুলসহ আরও বহু মানুষ।