পোল্যান্ডের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করবে নেটো: মহাসচিব রুটে
রাশিয়া পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে, ওয়ারশ এমন অভিযোগ করার পর প্রতিক্রিয়ায় নেটোর মহাসচিব এ মন্তব্য করেছেন।
রাশিয়া তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, পোল্যান্ড এমন অভিযোগ করার পরদিন শনিবার দেশটির রাজধানী ওয়ারশতে গিয়ে পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, নেটো পোল্যান্ডের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করবে।
পোল্যান্ড বলেছে, রাশিয়া তিনটি বস্তুর মাধ্যমে ইউক্রেইন সীমান্তের কাছে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে, সেগুলোর মধ্যে সম্ভবত দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ছিল।
পোল্যান্ডের বার্তা সংস্থা পিএপির প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, রুটে বলেছেন, “নেটো পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে, এমন নিশ্চয়তা দিতে পারি আমি।”
রুটে আরও বলেছেন, ইউরোপে নেটো বাহিনীর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউচ নেটোর প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো দুর্বলতা বা হুমকি আছে কি না, তা চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আর সে অনুযায়ী যথাযথ সমন্বয় ও পদক্ষেপ গ্রহণ করবেন।
ইউক্রেইন যুদ্ধের মধ্যে নেটোর অন্তর্ভুক্ত ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোর আকাশসীমায় বারবার ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এতে পশ্চিমা এই সামরিক জোটের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে।
পোল্যান্ডে ইউক্রেইনের মিত্রদের নিয়ে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ এর সামরিক মহড়া চলাকালে সর্বশেষ শুক্রবারের ওই অনুপ্রবেশের ঘটনাটি ঘটে। পোল্যান্ডের কর্মকর্তারা এ ঘটনাটিকে কোনো দুর্ঘটনা বলে মেনে নিতে নারাজ।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, পশ্চিমা সামরিক মহড়া চলাকালে এটি কোনও দুর্ঘটনা ছিল বলে মনে করছেন না তিনি। ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও এ ঘটনাকে রাশিয়ার ‘উসকানি’ হিসেবে বর্ণনা করেছে ওয়ারশ।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, ইউক্রেইন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার ভেতরে দক্ষিণপূর্ব পোল্যান্ডের 'নওই লিপোভিচ' নামক একটি গ্রামীণ এলাকায় 'কেএইচ-১০১' ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
কামিশ আরও জানিয়েছেন, সন্দেহজনক আরেকটি ক্ষেপণাস্ত্র নওই লিপোভিচের পশ্চিমে 'রুডনিক নাদ সানেম'-এর কাছে আছড়ে পড়েছে এবং দক্ষিণে 'মলোডিচ'-এর কাছে জেট চালিত একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।
রাশিয়া কথিত আকাশসীমা লঙ্ঘন নিয়ে কোনও মন্তব্য করেনি। ২০২২ সালে ইউক্রেইনে পুরোদমে যুদ্ধ শুরুর পর দেশটির ওপর চালানো রাশিয়ার অন্যতম বৃহত্তম বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনাগুলো ঘটে।
পিএপি জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা করতে সোমবার ব্রাসেলসে ন্যাটোর সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ 'নর্থ আটলান্টিক কাউন্সিল' এর একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
