চীনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ‘নিষেধাজ্ঞার’ তীব্র সমালোচনা শি, পুতিনের
বিশ্বমঞ্চে পশ্চিমা একক আধিপত্যের বদলে একটি ‘বহুমেরু বিশ্ব’ গড়ে তোলার অঙ্গীকার করেছেন শি আর পুতিন।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনেজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে বিশ্ব রাজনীতি ও বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে বাণিজ্য সংরক্ষণবাদ ও নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার চীনের প্রেসিডেন্ট শি বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন আর পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন।
রয়টার্স জানায়, ট্রাম্প ম্যানিলা থেকে শেনজেনে আসার আগেই শি ও পুতিন এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন।
অ্যাপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার এ তিন নেতার বৈঠকে মিলিত হওয়ার কথা আছে। এ বৈঠকে ইউক্রেইনে রাশিয়ার ও ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাণিজ্য, এআই ও পারমাণবিক অস্ত্রের মতো উত্তেজনাপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।
বৈঠকটিকে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে সম্মেলনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল এবং ছোট দেশগুলোর ওপর পরাশক্তিগুলোর চাপিয়ে দেওয়া চুক্তির একটি প্রতীক হয়ে উঠেছিল।
শেনজেনের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে বিশেষ করে ইউরোপ ও এশিয়ার ছোট অর্থনীতির দেশগুলোর নেতারাও উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তাদের আশঙ্কা, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিগুলো হয়তো তাদের স্বার্থকে উপেক্ষা করবে।
অ্যাপেক সম্মেলনের উদ্বোধনী ভাষণে শি ‘অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের’ প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।
রয়টার্স লিখেছে, এর মাধ্যমে তিনি চীনের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের বিপরীতে বিশ্বমঞ্চে নিজের দেশকে একটি স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। ট্রাম্পের অধীনে থাকা যুক্তরাষ্ট্র শুল্ক বৃদ্ধি করেছে ও আরও আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্রের এআই চিপ নিষেধাজ্ঞা ও শুল্ক নীতির বিপরীতে চীনের প্রেসিডেন্ট শি নিজেকে মুক্ত বাণিজ্যের রক্ষক হিসেবে তুলে ধরেছেন। তিনি শুল্ক কমানোর এবং বাজার আরও উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপকে সংযোগকারী কের্চ সেতু ইউক্রেইনের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক অধিপত্যবাদী’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, ইউরোপের পতন ঘটেছে এবং রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হয়ে উল্টো রাশিয়াকেই শক্তিশালী করেছে।
এরপর সম্মেলনের ফাঁকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন তাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের প্রশংসা করেন এবং বিশ্বমঞ্চে পশ্চিমা একক আধিপত্যের বদলে একটি ‘বহুমেরু বিশ্ব’ গড়ে তোলার অঙ্গীকার করেন।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর এশিয়া সফরে থাকা ট্রাম্প ফিলিপিন্সের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, জাপান ও তাইওয়ানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশের ঘটনায় অঞ্চলটিতে কিছুটা উত্তেজনা বিরাজ করছে।
