ম্যানিলায় ‘কোয়াড’ আলোচনার মাধ্যমে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য অ্যাপেক সম্মেলনের ঠিক আগে এই বৈঠকটি হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছাচ্ছেন। এখানে তিনি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের জোট ‘কোয়াড’ এর নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
আসিয়ান সম্মেলন এড়িয়ে বিকেলের শেষদিকে তার ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রাম্পের এই এশিয়া সফরে শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম (অ্যাপেক) এবং চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে বহুল প্রতীক্ষিত ত্রিপাক্ষিক বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে।
এই সফর অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং চীনের এআই চিপ প্রাপ্তির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর, যেটি চলমান বাণিজ্য যুদ্ধের ভঙ্গুর যুদ্ধবিরতিকে জটিল করে তুলতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
ম্যানিলায় মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র-আসিয়ান ‘বিশেষ শীর্ষ সম্মেলনে’ যোগ দেবেন। এরপর বুধবার ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করবেন। ফিলিপিন্স যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিরক্ষা মিত্র।
থাইল্যান্ড সরকার জানিয়েছে, মঙ্গলবার থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন ট্রাম্প। থাই গণমাধ্যম জানিয়েছে, দুজনের মধ্যে আলোচনা হবে এবং বিবৃতিটি হবে আলোচনার অগ্রগতির বিষয়ে।
ম্যানিলায় ইন্দো-প্যাসিফিক দেশগুলোর জোট ‘কোয়াড’ এর নেতাদের সঙ্গে গত দুই বছরের মধ্যে প্রথম বৈঠকে মিলিত হচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতকে নিয়ে গঠিত কোয়াড জোটের এই বৈঠকটি ট্রাম্পের জন্য প্রথম। এই জোটটিকে তার পূর্বসূরি জো বাইডেন নিজের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে দেখতেন।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস শুক্রবার বলেছেন, “ট্রাম্পের নেতৃত্বে কোয়াড প্রমাণ করেছে যে এটি একটি কার্যকর অংশীদারিত্ব, যা অঞ্চলের কঠিনতম চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছে এবং একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক নিশ্চিত করতে সুযোগ তৈরি করছে।"
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আশা করা হচ্ছে কোয়াড নেতারা ঐক্য প্রদর্শনের চেষ্টা করবেন। সামুদ্রিক নিরাপত্তা, রপ্তানি বিধিনিষেধ, গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ ব্যবস্থার বহুমুখীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাব্য আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকে সমুদ্রতলদেশের কেবল, উদীয়মান প্রযুক্তি এবং দুর্যোগ ত্রাণের মতো বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।
ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে ম্যানিলায় বিক্ষোভ হতে পারে। এর আগেও কয়েকদিন ধরে সেখানে বিক্ষোভ হয়েছে, যেখানে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’সাপ্লাই চেইন উদ্যোগ বাতিলের দাবি জানানো হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য অ্যাপেক সম্মেলনের ঠিক আগে এই বৈঠক হচ্ছে। শি জিনপিং এর আগে কোয়াডকে বেইজিংকে ঘিরে ফেলার একটি প্রচেষ্টা হিসেবে অভিহিত করে আপত্তি জানিয়েছিলেন। তবে কোয়াড সদস্যরা বলে আসছে যে, এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয়।
সাবেক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল কোয়াডকে পুনরায় সক্রিয় করা এবং এর সময় নির্বাচনের কৃতিত্ব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দিয়েছেন। ক্যাম্পবেল বলেন, ট্রাম্পের অধীনে জোটটি তার লক্ষ্য হারিয়েছিল।
