আবু ধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে।
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা ও তার কিশোর ছেলে নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত নারীর স্বামী।
নিহতরা হলেন—অসীমা চৌধুরী (৪৮) এবং তার একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫)। আহত হয়েছেন সৌরভ বিশ্বাস। তাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামে।
সোমবার রাতে আবু ধাবির উপকণ্ঠে আল ওয়াথবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তাদের পারিবারিক বন্ধু ও আবু ধাবি প্রবাসী সংগঠক সজল চৌধুরী।
তিনি বলেন, “ওই রাতে সৌরভ বিশ্বাস তার টয়োটা ইয়ারিস গাড়ি চালিয়ে পরিবারসহ আল ওয়াথবায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে আবু ধাবি-আল আইন রোডের আল ওয়াথবা এক্সিট-৪৭ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি নিশান সাফারি ফোর-হুইল গাড়ি তাদের গাড়িটিকে আঘাত করে।”
এতে সৌরভের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। ঘটনার পরপর আবু ধাবি পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় মাফরাক হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন এবং আহত বাবাকে ভর্তি রেখে চিকিৎসা দেন। আবু ধাবি পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে।
আবু ধাবি প্রবাসী সাংবাদিক সনজিত শীল জানান, পেশায় প্রকৌশলী সৌরভ বিশ্বাস গত আড়াই দশক ধরে আবু ধাবিতে পরিবারসহ বসবাস করছেন। তার নির্মাণ ব্যবসা রয়েছে।
নিহত অসীমা চৌধুরী আবু ধাবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। তিনি প্রবাসে একজন পরিচিত সংগীতশিল্পী ও সামাজিক সংগঠক ছিলেন। দম্পতিটির এক মেয়ে রয়েছে, যিনি দুবাই নলেজ ভিলেজের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
বর্তমানে মা ও ছেলের লাশ আবু ধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। প্রয়োজনীয় আইনি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষ করে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
