হবিগঞ্জে লোকালয়ে ঢোকা শেয়ালের কামড়ে নারীসহ আহত ২৭
আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া এক শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন।
রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তারা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার লুৎফুল হাসান শোহন।
আহত ও স্থানীয়দের বরাতে তিনি বলেন, সোমবার সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন একটি শেয়াল লোকালয়ে পড়ে ঢুকে পড়ে। পরে শেয়ালটির কামড়ে সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে আটজন নারী, ১৮ জন পুরুষ ও একজন কিশোর রয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
