৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

এ দুর্ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তার পরিচয় জানা যায়ানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 03:54 PM

Updated : 30 Oct 2026, 03:59 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি ও তার ছয় বছর বয়সী ছেলের প্রাণ গেছে। এতে এক নারী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন।

তবে আহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। দুজনের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে জানিয়ে ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।