০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত বৃদ্ধা

এ ঘটনায় আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 11:21 PM

Updated : 01 Nov 2026, 11:21 PM

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বেগুন ক্ষেতে কাজ করার সময় মৌমাছির কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নবিউল ইসলাম জানান।

নিহত খলিল উল্লাহ (৬৫) ওই গ্রামের মৃত জামাত উল্লাহর ছেলে।

আহত মর্জিনা খাতুনও (৬০) একই এলাকার বাসিন্দা।

স্বজনরা বলেন, সকালে বাড়ির পাশের বেগুন ক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন খলিল উল্লাহ। এ সময় কাছের একটি গাছের মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মৌমাছির দল। একপর্যায়ে মৌমাছিরা খেতে থাকা খলিল উল্লাহ ও পাশের বাড়ির মর্জিনা খাতুনকে আক্রমণ করে।

দুজনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে খলিল উল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নবিউল ইসলাম বলেন, “মৌমাছির কামড়ে অ্যানাফাইল্যাক্সিস বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হতে পারে, যা দ্রুত রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটিয়ে মৃত্যুর কারণ হতে পারে।

“খলিল উল্লাহকে ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।”