রেকর্ড ১৯ ছক্কায় টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানের ১৮১
প্রিয়ানশ আরিয়ার ইনিংসটি স্বীকৃত টি-টোয়েন্টিতে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ।
ইনিংস শুরু করতে নেমে ১৯তম ওভার পর্যন্ত খেললেন প্রিয়ানশ আরিয়া। এই সময়ে ব্যাটকে তরবারি বানিয়ে প্রতিপক্ষের বোলারদের রীতিমতো কচুকাটা করলেন ভারতীয় ব্যাটসম্যান। ছক্কার বৃষ্টি ঝরিয়ে গড়লেন স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তি।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মঙ্গলবার তামিল নাড়ুর বোলারদের ওপর তাণ্ডব চালান আরিয়া। ১৯টি ছক্কা ও সাতটি চারে ৬৮ বল ১৮১ রানের ইনিংস খেলেন দিল্লির ওপেনার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটি অল্পের জন্য ভাঙতে পারলেন না ২৫ বছর বয়সি আরিয়া। গত মাসেই রেকর্ডটি গড়েন দক্ষিণ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ১৮৮ রানের ইনিংস খেলেন তিনি। ভেঙে দেন ১৩ বছর টিকে থাকা ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড।
আরিয়ার ইনিংসটি পুরুষ ও নারী মিলিয়েই টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। ২০২১ সালে ৭৬ বলে ১৬২ রানের ইনিংস খেলেন ভারতের নারী ক্রিকেটার কিরান নাভগিরে। পুরুষদের টি-টোয়েন্টিতে এতদিন ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংসটি ছিল লোকেশ রাহুলের, দিল্লি ক্যাপিটালসের হয়ে অপরাজিত ১৫২।
আরিয়ার ১৯ ছক্কা টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। গত বছর মেজর লিগ ক্রিকেটে ১৯টি ছক্কা হাঁকান নিউ জিল্যান্ডের ফিন অ্যালেনও।
আরিয়ার দুর্দান্ত ইনিংসে ভর করে তামিল নাড়ুর বিপক্ষে এদিন ৫ উইকেটে ২৭৫ রান করেছে দিল্লি। সৈয়দ মুশতাক আলি ট্রফির ইতিহাসে যা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০২৪ সালে সিকিমের বিপক্ষে বারোদার ৩৪৯ রান সর্বোচ্চ। আর গত বছর বেঙ্গলের বিপক্ষে ৩১০ রান করেছিল পাঞ্জাব।
ইন্দোরের ড্যালি কলেজ মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলেন আরিয়া। মাত্র ১৮ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। তার সৌজন্যে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৯৪ রান করে দিল্লি।
পঞ্চাশ থেকে একশ ছুঁতে আরিয়ার লাগে আরও ১৮ বল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে পার রাখেন তিনি ৩৬ বলে। পরের ২৪ বলে দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
এম সিদ্ধার্থকে পরপর দুই বলে চার ও ছয় মেরে গেইলের অপরাজিত ১৭৫ রানের রেকর্ড ছাড়িয়ে যান আরিয়া।
২০২৭ সালের আইপিএল নিলামের আগে আরিয়াকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। টুর্নামেন্টের সবশেষ আসরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ২০২৬ সালের আসরে দ্রুত রান তোলা ওপেনারদের একজন ছিলেন তিনি।
চলতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দারুণ ছন্দে রয়েছে দিল্লি। এখন পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচেই আগে ব্যাট করেছে তারা। ছয় ইনিংসের পাঁচটিতেই তুলেছে অন্তত ২০০ রান।
তামিল নাড়ুর বিপক্ষে পৌনে তিনশ রান করে ১১৬ রানের জয় তুলে নিয়েছে দিল্লি। প্রতিপক্ষকে ১৫৯ রানে গুটিয়ে দিয়েছে তারা।
