১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নিখোঁজের এক দিন পর নদীতে মিলল পায়ে শেকল বাঁধা যুবকের লাশ

পুলিশ জানায়, ওসমান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 10:50 PM

Updated : 15 Nov 2026, 10:50 PM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার পায়ে শেকল বাঁধা ছিল।

শনিবার দুপুরে চলন্ত নৌকা থেকে নদীতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর রোববার তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার এসআই শামীম শেখ।

নিহত ওসমান গনি (৩৫) কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ওসমান গনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার পায়ে শেকল পরানো থাকত। শনিবার দুপুরে নৌকায় থাকা অবস্থায় হঠাৎ নদীতে নেমে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকাল থেকে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। তবে সন্ধান না পাওয়ায় রাতে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। রোববার সকালে আবারও খোঁজ শুরু করে দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার সময় পেছন থেকে কেউ ওসমান গনিকে ধাওয়া করছিলেন। প্রাণ বাঁচাতে তিনি নৌকায় করে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে নদীতে ঝাঁপ দিলে নিখোঁজ হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা রাসেল মামুন বলেন, লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই শামীম শেখ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।