২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা চাকরি ছাড়তে বলল আইবিএম

কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। ৩১ ডিসেম্বর সময়সীমা বেঁধে দেওয়ায় বিপাকে হাজারো বিদেশি কর্মী।

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা চাকরি ছাড়তে বলল আইবিএম

এইচ১বি ভিসা ফরম। ছবি: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 07:22 PM

Updated : 27 Nov 2026, 07:22 PM

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বিশ্বের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএম। সংস্থাটি তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এতে বিপাকে পড়বেন সেখানে কাজ করা বিদেশি নাগরিকরা। তাদেরকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে, নতুবা চাকরি ছাড়তে হবে। যদি কেউ যুক্তরাষ্ট্র ছাড়তে না চান, তাহলে তাকে আইবিএম এর চাকরি ছেড়ে দিতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, আইবিএম এর এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কাজ করা হাজার হাজার ভারতীয় পেশাজীবী নতুন করে অনিশ্চয়তায় পড়েছেন।

আইবিএমের বৃহত্তম ব্যবসা বিভাগ ‘আইবিএম কনসাল্টিং’-এ বিশ্বজুড়ে ১ লাখ ৫০ হাজারের বেশি কর্মী কাজ করেন। তবে এই সিদ্ধান্তে ঠিক কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন বা তাদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের জন্য এ সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এসেছে। কারণ, যুক্তরাষ্ট্রে কাজের ভিসা ও স্থায়ী বসবাসের আবেদনের জন্য অধিকাংশ বিদেশি পেশাজীবীই নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্পন্সরশিপের ওপর নির্ভর করে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্য দেশে স্থানান্তরিত হতে চান কি না, তা জানানোর জন্য কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা বিদেশের কোনও পদে যেতে রাজি হবেন না, তাদের তিন মাসের বিদায়কালীন ভাতা দেওয়া হবে। তাদের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।

কেন ভিসা স্পন্সরশিপ বন্ধ করছে আইবিএম?

আইবিএম জানিয়েছে, ব্যবসার পরিবর্তনশীল চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে আইবিএম এতদিন যুক্তরাষ্ট্রের উচ্চ-দক্ষতাসম্পন্ন ভিসা কর্মসূচি ব্যবহার করে আসছিল। কিন্তু বেশ কয়েক বছর ধরেই সেই চাহিদা কমছিল।

তিনি বলেন, “দক্ষতার সহজলভ্যতা ও গ্রাহকদের চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আমরা আইবিএম কনসাল্টিং-এর অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।”

তবে প্রতিষ্ঠানটি তাদের সব শাখার ক্ষেত্রে ভিসা স্পন্সরশিপ বন্ধের ঘোষণা দেয়নি। সিদ্ধান্তটি কেবল আইবিএম কনসাল্টিংয়ের অধিকাংশ পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২০২৪ সাল থেকেই আইবিএমের কনসাল্টিং ব্যবসা প্রবৃদ্ধি ধরে রাখতে হিমশিম খাচ্ছে। রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে আইবিএম নিজেদের সফটওয়্যারকেন্দ্রিক কোম্পানি হিসেবে ঢেলে সাজাচ্ছে।

কর্মীদের বড় গন্তব্য হতে পারে ভারত

যারা আইবিএমের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান, তাদের জন্য অন্য দেশে চলে যাওয়া একটি বিকল্প। এক্ষেত্রে ভারত বড় গন্তব্য হয়ে উঠতে পারে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে কনসাল্টিং বিভাগে ১ হাজার ২৭৮টি শূন্যপদের তালিকা দেখা গেছে। এর মধ্যে ১ হাজার ১২৫টি পদই ভারতে। এছাড়া সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি শূন্যপদ রয়েছে। যুক্তরাষ্ট্রে শূন্যপদ দেখানো হয়েছে ৮৯টি।

তবে ক্ষতিগ্রস্ত কতজন কর্মীকে বিদেশের এসব পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হবে কিংবা সেগুলো তাদের বর্তমান পদ ও বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কি না, তা নিশ্চিত করেনি আইবিএম। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে থাকা কর্মীদের ক্ষেত্রে স্থানান্তর হলে বেতন, বাসস্থান ও পারিবারিক বিষয়েও বড় পরিবর্তন আসতে পারে।

মার্কিন ভিসা নীতিতে বাড়তি অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন কর্মসংস্থানভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর কড়াকড়ি আরোপের মধ্যেই আইবিএমের এ সিদ্ধান্ত এল।

এইচ-১বি ভিসা কর্মসূচির আওতায় মার্কিন কোম্পানিগুলো বিশেষায়িত পদের জন্য বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিতে পারে। ভারতীয় প্রযুক্তি কর্মীরাই এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী।

তবে ডনাল্ড ট্রাম্প প্রশাসন এই কর্মসূচি আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নতুন কিছু এইচ-১বি আবেদনের জন্য ১ লাখ ডলার ফি প্রস্তাব এবং উচ্চ বেতনের পদগুলোকে অগ্রাধিকার দিয়ে ভিসা নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনার মতো পদক্ষেপ রয়েছে।

গত মাসে অভিবাসন কর্মসূচির অপব্যবহারের অভিযোগে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসের মতো আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর ওপর গ্রিন কার্ড প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।

ইনক্রুইটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিল আগরওয়াল এনডিটিভি-কে বলেন, আইবিএমের এ পদক্ষেপ প্রযুক্তি খাতের বৃহত্তর পরিবর্তনেরই প্রতিফলন। গ্রাহকের চাহিদা ও শ্রমবাজারের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রতিষ্ঠানগুলো নিয়োগ প্রক্রিয়ায় বদল আনছে।

তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের যুগে ভারতীয় পেশাজীবীদের কেবল নিয়োগদাতা-নির্ভর ভিসার ওপর ভরসা না করে নতুন প্রযুক্তি ও সমস্যা সমাধানের মতো দক্ষতা অর্জনে বেশি মনোযোগ দিতে হবে।