০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নড়াইলে নারীদের নৌকাবাইচ, বৈঠা হাতে নদীতে ১৬ নৌকা

এ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরা এবং নৌকাবাইচে নারীদের অংশগ্রহণ বাড়ানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 09:50 PM

Updated : 07 Nov 2026, 09:50 PM

নড়াইল সদর উপজেলায় নারীদের অংশগ্রহণে হয়েছে জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শনিবার বিকালে উপজেলার হাতিয়াড়ায় এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১৬টি নৌকা অংশ নেয় বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারী। দ্বিতীয় হয়েছেন হাতিয়াড়া গ্রামের ববিতা সরকার, তৃতীয় রীনা বিশ্বাস এবং চতুর্থ মালিয়াট গ্রামের চম্পা গোস্বামী।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে দুই দিনব্যাপী নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এ প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। এতে সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান।

এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি ও মাহমুদা হাবিবা, পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস উপস্থিত ছিলেন।

সামীমুজ্জামান বলেন, গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নৌকাবাইচে নারীদের অংশগ্রহণ বাড়ানো এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, গ্রামীণ পর্যটন ও লোকজ সংস্কৃতির প্রসারে দেশের বিভিন্ন এলাকায় কাজ করবে পর্যটন করপোরেশন। জারি, সারি ও মুর্শিদী গানসহ গ্রামবাংলার পুরোনো গান ও সংস্কৃতি ছড়িয়ে দিতেও সরকার কাজ করছে। নারীদের নৌকাবাইচ দেখে তিনি আনন্দিত।