১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সাভারে স্কুলের ফটকের সামনে ‘ব্যাগের ভেতরে হাতবোমা’

“ব্যাগটিতে ঠিক কতগুলো ককটেল রয়েছে, তা তাৎক্ষণিক গুনে দেখা সম্ভব হয়নি,” বলেন ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 01:01 AM

Updated : 10 Nov 2026, 01:01 AM

সাভারে একটি স্কুলের ফটকের সামনে পড়ে থাকা ব্যাগে হাতবোমা শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

সোমবার মধ্যরাতের দিকে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকের পাশে পড়ে থাকা ব্যাগে ‘অন্তত তিনটি হাতবোমা’ থাকার কথা বলেছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

ঘটনাস্থল থেকে থানার দূরত্ব খুব বেশি নয়; ১৩০ মিটারের মতো।

পুলিশ বলেছে, ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়।

ওসি বলেন, “জননিরাপত্তার স্বার্থে ককটেল থাকা স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। ব্যাগটিতে ঠিক কতগুলো ককটেল রয়েছে, তা তাৎক্ষণিক গুনে দেখা সম্ভব হয়নি। তবে দূর থেকে অন্তত তিনটি ককটেল স্পষ্টভাবে দৃশ্যমান। ব্যাগের ভেতরে আরও বেশি থাকতে পারে।”

ওসি বলেন, “অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে জরুরি খবর পাঠানো হয়েছে। বিষেশজ্ঞ দলটি সাভারে পৌঁছানোর পরেই ব্যাগটি খুলে ককটেলগুলোর ধরন ও সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। এরপর নিষ্ক্রিয় করার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”