১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মরার আগেই মরে যাচ্ছে সেন্টমার্টিন

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের আগেই মানুষের হস্তক্ষেপে সবুজদ্বীপ সেন্টমার্টিন নষ্ট হচ্ছে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সেন্টমার্টিন, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের আগেই মানুষের হস্তক্ষেপে সবুজদ্বীপ সেন্টমার্টিন নষ্ট হচ্ছে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সংসদে উপস্থাপিত পরিবেশ বিশেষজ্ঞ ও অডিট বিভাগের যৌথ পরিবেশগত প্রতিবেদনে দ্বীপটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া এবং সেখানে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণেরও সুপারিশ করা হয়েছে। সাড়ে তিন বর্গকিলোমিটারের এ দ্বীপে প্রতিদিন প্রায় হাজার দেড়েক পর্যটক আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, "সাম্প্রতিক সময়ে পরিবেশ-প্রতিবেশ বিপন্নতার জ্বলন্ত উদাহরণ সেন্টমার্টিন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের আগেই মানুষের হস্তক্ষেপে একটি দ্বীপ কীভাবে নষ্ট হচ্ছে তার এক উদাহরণ এটি।" চোখের সামনে 'নষ্ট' হতে যাওয়া দ্বীপটিকে এখনই সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রক্ষা করতে না পারলে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য দুর্যোগের মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলার কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না বলে মনে করেন তিনি। মাত্রাতিরিক্ত পর্যটক উপস্থিতির পাশাপাশি তাদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে দ্বীপটির পয়োনিষ্কাশন ব্যবস্থা ও আবর্জনা সমস্যা চরম আকার ধারণ করেছে বলেও সরকারের এক পরিবেশগত নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে। দ্বীপটিতে উদ্বেগজনক হারে বসতি স্থাপন হতে থাকায় প্রাকৃতিক সম্পদের অপব্যবহার হওয়ায় সরকারি প্রতিবেদনে আশঙ্কা করা প্রকাশ করা হয়েছে, বিষাক্ত পানি পান করে সেন্ট মার্টিন'স এর বাসিন্দাদের মৃত্যু হতে পারে এবং জনগণের জন্য একটি 'অভিশপ্ত' দ্বীপে পরিণত হতে পারে এটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জাফর বলেন, পর্যটকদের চাহিদা পুরণ করতে গিয়ে পানিস্তরও নিচে নেমে যাচ্ছে। এ দ্বীপে ১২ মিটার নিচেই নলকূপে সুপেয় পানি উঠে। অচিরেই তা নিঃশেষ হবে মন্তব্য করে তিনি বলেন, "লোনা পানি উঠবে কূপে। যা পর্যটকসহ অধিবাসীদের বিপন্নতার মুখে ঠেলে দিবে। আশঙ্কা করা হচ্ছে, পর্যটন মর্যাদা হারাবেও এ দ্বীপটি।" "১৯৭২ সালে প্রথম এসে দেখেছিলাম ১১২ জনের বসতি। এবার (২০০৯) দেখলাম বসতি প্রায় দেড় হাজার পরিবার; জনসংখ্যা সাড়ে সাত হাজার।" বলেন তিনি। মোহাম্মদ জাফর আরও বলেন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে সংকটাপন্ন দ্বীপটি ডুবে যাওয়ার আগেই এর বৈচিত্র্য টিকিয়ে রাখা দায় হবে। ১৯৯৮ সালের পর থেকে পর্যটকের চাপে সেন্টমার্টিনের প্রতিবেশ নষ্ট হওয়া শুরু হয় জানিয়ে তিনি বলেন, বিরল প্রজাতির সামুদ্রিক কাছিম প্রবাল, কেয়াবন, শামুক, ঝিনুক, বালিয়াড়ি, সাগরলতাসহ নানা ধরনের বৈচিত্র্যই এখন হুমকিতে। টেকনাফ-সেন্টমার্টিন যাওয়ার পথে ১৮৬১ সালে ভোলার দ্বীপ বিলীন হয়। ১৯১২ সালে এক ধর্মযাজক মার্টিনের নাম অনুসারে এ দ্বীপের নাম হয় 'সেন্টমার্টিন'স আইল্যান্ড'। সিঙ্গাপুরপ্রবাসী শামীম হাসান বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছেন সেন্টমার্টিনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিরক্তির সুরে তিনি বলেন, "কোনো মানেই হয় না এখানে ঘুরতে আসার। পর্যটনের কোনো পরিবেশ নেই। নেই এখানকার বৈচিত্র্যও।" এমন মন্তব্য ঈদ উপলক্ষে দ্বীপটিতে বেড়াতে আসা প্রায় সবারই। দ্বীপ ঘুরে দেখা গেছে, স্থানীয় শিশু-কিশোরদের অনেককে লুকিয়ে পর্যটকদের কাছে ২০-৪০ টাকায় বিভিন্ন আকারের প্রবাল বিক্রি করতে। পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় জলাভূমি ও জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের এনভারমেন্টাল ক্রিটিক্যাল এরিয়া ম্যানেজমেন্ট কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের ১২টি প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকার একটি সেন্টমার্টিন। দ্বীপটিতে পাঁচ প্রজাতির কাছিম, নানা প্রজাতির প্রবাল ছাড়াও ৬৮ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। এলাকাটিকে ইকোটুরিজম প্রকল্পের মাধ্যমে ব্যবস্থাপনার জন্য সরকারের কাছে সুপারিশ পাঠানো হচ্ছে বলে তিনি জানান। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার এই দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী ফিরোজ আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরাই (স্থানীয়রা) দ্বীপের প্রতিবেশ-পরিবেশ রক্ষা করবো। তবে আমাদের রক্ষার বিষয়ে সরকারেরও উদ্যোগ নিতে হবে।" পর্যটকের চাপে দ্বীপের পরিবেশ বিনষ্ট হওয়ার অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করে এই জনপ্রতিনিধি পাল্টা অভিযোগ করেন, দ্বীপে স্থানীয়দের টিনের চালা দিয়ে ইটপাথরের ঘর নির্মাণের অনুমতি দিচ্ছে না প্রশাসন। এই অনুমতি পেলে দ্বীপটিকে পরিবেশবান্ধব করতে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জিএনএ/১৩১৬ঘ.