১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আনতালিয়ায় তারেক রহমানের সঙ্গে অ্যান্থনি আলবানিজের বৈঠক

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, বলেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব।

আনতালিয়ায় তারেক রহমানের সঙ্গে অ্যান্থনি আলবানিজের বৈঠক

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 06:17 PM

Updated : 12 Nov 2026, 06:25 PM

তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।

শিপলু বলেন, “বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উপপ্রেস সচিব জানিয়েছেন।

তিনি বলেন, “অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন। একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেছেন।”

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।”

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী কপ-৩১ এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান।

উপপ্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নের বিষয়টি আলোচনায় আনেন।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন বাংলাদেশ সরকারপ্রধান।