০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সিআইইউতে ক্যারিয়ার বিষয়ে সেমিনার

সেমিনারে এআই, ক্যারিয়ার সম্ভাবনা ও পরিকল্পনা, ডিজিটাল রূপান্তর, ভবিষ্যৎ উপযোগী দক্ষতা, নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়নসহ ভবিষ্যৎ কর্মক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 12:31 AM

Updated : 07 Oct 2026, 12:31 AM

ক্যারিয়ার ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সেমিনার হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে ‘দ্য রাইজ অব টেকনোক্রেসি: গ্লোবাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স ফর দ্য ফিউচার’ শিরোনামে এ সেমিনার হয়েছে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর সেমিনার আয়োজন করে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উদীয়মান বৈশ্বিক ক্যারিয়ার সম্ভাবনা, ডিজিটাল রূপান্তর, ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা, ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়নসহ ভবিষ্যৎ কর্মক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে আলোচনা করেন ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনমি ফোরামের প্রেসিডেন্ট ও ইনোভেশন ল্যাব ইউএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ রানা, চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক এম মশিউল হক এবং ডিলিজাইট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

মশিউল হক তার উপস্থাপনায় আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েটের সুযোগ-সুবিধা, সেবা ও কার্যক্রম তুলে ধরেন এবং উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে এর ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

সিআইইউর উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আসিফ ইকবাল সেমিনারে উপস্থিত ছিলেন।