লালমনিরহাটে ১৫ লাখ টাকায় সার ডিলার নিয়োগের অভিযোগ বিএনপির
অভিযোগ অনুযায়ী, জহুরা বেগমের সার সংরক্ষণের জন্য নিজস্ব কোনো গুদাম নেই এবং এ ব্যবসায় তার পূর্ব অভিজ্ঞতাও নেই।
লালমনিরহাটের আদিতমারীতে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়মবহির্ভূতভাবে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তদন্ত করে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা।
বৃহস্পতিবার দুপুরে সাপ্টিবাড়ী বাজার এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম সিদ্দিক মিলন অভিযোগ করেন, “ছাত্রশক্তির লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহিল কাফির মা এবং মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী জহুরা বেগমের কাছ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে তাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”
ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি অভিযোগ করে তিনি বলেন তিনি বলেন, “জহুরা বেগমের সার সংরক্ষণের জন্য নিজস্ব কোনো গোডাউন বা গুদাম নেই এবং ব্যবসায়িক কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই।”
সংবাদ সম্মেলনে এ বিএনপি নেতা দাবি করেন, জহুরা বেগম স্থানীয় সাপ্টিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুম আহমেদের ছোট ভাই শামীম আহমেদের স্ত্রী। তার পরিবারের অন্য সদস্যরাও ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
“একটি প্রভাবশালী আওয়ামী পরিবারের সদস্যকে এভাবে ডিলার নিয়োগ দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এই অবৈধ সার ডিলার নিয়োগ বাতিল করে প্রকৃত ও যোগ্য ব্যবসায়ীকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, সাপ্টিবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমানসহ অন্যরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
