পাবনায় টিসিবির নতুন ডিলার নিয়োগে বাধা কাটল
পাবনা অঞ্চলে টিসিবির নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে দিয়েছিল হাই কোর্ট। চেম্বার আদালত তা আটকে দিয়েছে।
পাবনা অঞ্চলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
এর ফলে ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ কার্যক্রমের পরবর্তী ধাপ এগিয়ে নিতে আর আইনগত বাধা থাকছে না বলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বুধবার এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
‘টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’-এর ৬(ঝ) ধারার (iii) উপধারার বৈধতা চ্যালেঞ্জ হাই কোর্টে একটি রিট আবেদন করেন পাবনার আটঘরিয়া বাজারের মেসার্স শুভ ট্রেডার্সের স্বত্বাধিকারী পরিমল সরকারসহ কয়েকজন ব্যবসায়ী।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, টিসিবির চেয়ারম্যান, টিসিবির অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি), টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান এবং পাবনার জেলা প্রশাসককে সেখানে বিবাদী করা হয়।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাই কোর্ট বেঞ্চ গত ১৯ অগাস্ট প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে।
আদালত বলে, টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা (সংশোধিত), ২০২৫-এর ৬(ঝ) ধারার (iii) উপধারা পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালের সংশোধিত নির্দেশিকার অধীনে নিয়োগ পাওয়া ডিলারদের সঙ্গে অন্য ডিলারদের চুক্তি নবায়নের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে। একই ধরনের কয়েকটি মামলায় এই বেঞ্চসহ হাই কোর্টের অন্য বেঞ্চও রুল জারি করেছে।
ওই উপধারাটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং এর কোনো আইনগত কার্যকারিতা থাকবে না, রুলে তা জানতে চায় আদালত।
পাশাপাশি আবেদনকারীদের সঙ্গে বিবাদীদের সম্পাদিত চুক্তির ৩ নম্বর ধারার শর্ত অনুযায়ী তাদের টিসিবি ডিলারশিপের লাইসেন্স নবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
রুলের শুনানি না হওয়া পর্যন্ত টিসিবির অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি) স্বাক্ষরিত একটি স্মারকের কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট।
হাই কোর্টের ওই আদেশের ফলে পাবনা অঞ্চলে নতুন ডিলার নিয়োগের কার্যক্রম আটকে যায়। পরে আদেশটির বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
বুধবার ওই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাই কোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করে দিল।
