উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে ‘বাধা কাটল’, ৫৫ পদ সংরক্ষণের নির্দেশ
কমিটি গঠনের বৈধতা নিয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দিয়েছে চেম্বার আদালত।
উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চালিয়ে নিতে আর আইনগত বাধা থাকছে না।
এ নিয়োগ কার্যক্রমের ওপর হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
তবে সেই সঙ্গে রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি পদ সংরক্ষিত রাখারও নির্দেশ দিয়েছে আদালত।
সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক বুধবার এ আদেশ দেন।
কমিটি গঠনের বৈধতা নিয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দিয়েছেন তিনি।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাই কোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানিয়েছেন সরকার ও রিট আবেদনকারী পক্ষের আইনজীবীরা।
আদালতে সরকারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. সাদ্দাম হোসেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি শূন্য পদ সংরক্ষণ করার নির্দেশ দিয়ে হাই কোর্টের আদেশটি স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি পদে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিতে আইনগত কোনো বাধা থাকছে না।
“নিয়োগসংক্রান্ত কমিটি ৫৫টি পদ সংরক্ষণ করে অবশিষ্ট পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।”
রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেম্বার আদালত হাই কোর্টের আদেশটি স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।”
নিয়োগ প্রক্রিয়ার পটভূমি
রিট আবেদন থেকে জানা যায়, উপসহকারী কৃষি কর্মকর্তার মোট পদ ১৪ হাজার ১০০টি। এর মধ্যে ৩ হাজার ৭৫১টি শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পরে ২০২৪ সালের ৩১ মার্চ ২ হাজার ৩৬০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
২০২৫ সালের ১১ জুলাই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হন ৭ হাজার ২২৯ জন প্রার্থী। ওই বছরের ৬ অক্টোবর তাদের লিখিত পরীক্ষা হয়।
২০২৬ সালের ৮ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতে ৪৩০ জন উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। উত্তীর্ণ প্রার্থীদের ১০ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পিএসসিতে জমা দিতে বলা হয়।
পরে ২৩ সেপ্টেম্বর এবং ৭ ও ৮ অক্টোবর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি।
এর আগে, ৬ সেপ্টেম্বর নিয়োগ কার্যক্রম দ্রুত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করে সরকার।
কমিটি গঠনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন ৫৫ জন নিয়োগপ্রত্যাশী। রিট মামলার প্রাথমিক শুনানি নিয়ে গত ২৮ সেপ্টেম্বর হাই কোর্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন ২ হাজার ৩৬০টি উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করে। একই সঙ্গে কমিটি গঠনের বৈধতা নিয়ে রুল জারি করে আদালত।
হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করে।
বুধবার ওই আবেদনের শুনানি শেষে হাই কোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করে দিল চেম্বার আদালত। একই সঙ্গে রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি পদ সংরক্ষণের নির্দেশ দিল।
