সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন
বরিশালের সন্তান হেমায়েত উদ্দিন বর্তমানে কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট নির্ধারিত তারিখে প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের কাছে দায়িত্বভার অর্পণ করে হেমায়েত উদ্দিনকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
বরিশালের সন্তান হেমায়েত উদ্দিন বর্তমানে কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবারে আলাদা আদেশে সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ২০২৫ সালের ২৮ অগাস্ট থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ছাড়া ২০২৫ সালের ১ ডিসেম্বর তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবেও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
তার আগে তিনি হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করেন।
