১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কৃষকদল নেতা নিহতের ঘটনায় আটক ২৫

অভিযোগ রয়েছে, তাকে পিটিয়ে এবং শরীরে আগুন দিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 05:41 PM

Updated : 18 Nov 2026, 05:41 PM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদল নেতা রাজু মোল্লা নিহতের ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।

তবে বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে মঙ্গলবার রাতে মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে হামলার শিকার হন কৃষকদল নেতা রাজু মোল্যা।

অভিযোগ রয়েছে, তাকে পিটিয়ে এবং শরীরে আগুন দিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

বুধবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, “ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়েছে।

“আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে যারা জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

তিনি বলছেন, “ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে এবং দুটি মহাসড়কের মাধ্যমে ২১টি জেলার প্রবেশদ্বার রয়েছে৷ এই গুরুত্বপূর্ণ এলাকায় তারা নাশকতা করতে পারে। এর ভিত্তিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং চেকপোস্ট বসানো হয়েছে।

“পাশপাশি এই কর্মসূচি ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যেন না করতে পারে তার জন্য পুলিশ সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছে৷”

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবির অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “পরিস্থিতি আমরা নজরদারিতে রেখেছি। সবকিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে বিজিবি মোতায়েনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

বিস্তারিত আসছে …