খুলনায় সন্ত্রাস-নাশকতা ঠেকাতে যৌথ বাহিনীর টহল
নগরের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদারে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের নগরভবনে পেট্রোলবোমা নিক্ষেপের পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার পর নগরের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদারে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সন্ত্রাস দমনে সোমবার সকাল থেকে যৌথ বাহিনীর টহল শুরু করার কথা বলেছেন খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
তিনি বলেন, সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনী একসঙ্গে চলাচল করবে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগে থেকেই নিরাপত্তা ছিল। তবে নগরভবনে পেট্রোলবোমা নিক্ষেপের পর টহল বাড়ানো হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে নয়টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ কার্যক্রম চলছে।
অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। অভিযানে মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬-এর কমান্ডার নিস্তার আহমেদ বলেন, খুলনায় অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার হচ্ছে এসব অস্ত্র। সন্ত্রাসীকে গ্রেপ্তার ও নেটওয়ার্ক ভাঙতে অভিযান অব্যাহত রয়েছে।
দেশের দক্ষিণাঞ্চলের এই জেলায় প্রায় প্রতিদিনই খুন, হত্যাচেষ্টা আর গোলাগুলির ঘটনায় আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মানুষের।
নগরীর বাসিন্দারা বলছেন, আগে সন্ধ্যা নামলে আতঙ্ক ভর করত। প্রতি রাতেই কোথাও না কোথাও গোলাগুলি, হামলা বা সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটত। এখন দিন-রাত সমান হয়ে গেছে। সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, জনবহুল এলাকাতেও প্রকাশ্যে গুলি করতে দ্বিধা করছে না।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে। গত বছর খুলনা নগর ও জেলায় হত্যাকাণ্ড ঘটে ৮৬টি। এসব হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, জমি ও ঘেরের দখল, পরিবহন ও ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কথা।
এসব বিরোধে জড়িয়ে পড়ছে একাধিক অপরাধী গোষ্ঠী। কোথাও আধিপত্য বিস্তারের লড়াই, কোথাও প্রতিশোধ-সংঘাত পরিণতি পাচ্ছে হত্যাকাণ্ডে।
বিএনপির নেতারা বলছেন, খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী প্রথমে খুলনার বিএনপি নেতাদের কাছ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ সম্পর্কে অবহিত হন। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং দ্রুত সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
