আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে কীভাবে কাজ করবে পুলিশ: আইজিপি
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে একথা বলেন মো. আলী হোসেন ফকির।
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলায় পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, ‘গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত ভালো দেখেছি। আগামীতেও ভালো থাকবে। যারা গোপালগঞ্জকে অশান্ত করতে চায়, আপনারা তাদের বিপক্ষে অবস্থান নিন।
“তারা সংখ্যায় বেশি নয়। এই থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যদি নিজেরাই থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে?”
শুক্রবার বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে গাড়িতে বসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে আইজিপি বলেন, “আপনারা যদি চান যে আইনশৃঙ্খলা দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করেন।”
তিনি বলেন, “গোপালগঞ্জের জনসংখ্যা ধরেন ১০ লাখ। অথচ একটি থানায় পুলিশ আছে মাত্র ২০ জন। তাদের যদি আপনারা সহযোগিতা না করেন, তাদের মানসিক সমর্থন না দেন, তাহলে তারা কীভাবে কাজ করবে? বাকি কথা হল, জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।”
সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে সকালে গোপালগঞ্জে আসেন আইজিপি। তার সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
তারা শহরের সার্কিট হাউসে অবস্থান নেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও ছিলেন। তারা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিকালে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু তাদের আগমনের বিষয়টি নিশ্চিত করেন।
গোপালগঞ্জ আসার আগে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন আইজিপি। এরপর গোপালগঞ্জে পৌঁছে তিনি পুলিশ লাইন্সে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে সভা করেন।
রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এ সময় দুটি থানা, সংসদ সদস্য, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর এবং দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
এসব ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
