‘জলদস্যু হয়ে’ ফের পর্দায় ফিরতে চান জনি ডেপ
২০০৩ থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত সিরিজের পাঁচটি সিনেমার সব কটিতেই জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেন জনি ডেপ।
দীর্ঘ প্রতীক্ষার পর ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ আইকনিক জ্যাক স্প্যারো চরিত্রে ফেরার সম্ভাবনা নিয়ে নীরবতা ভেঙেছেন বলিউডি অভিনেতা জনি ডেপ। আরও একবার জলদস্যুর বেশে পর্দায় আসার প্রত্যাশার কথা জানিয়েছেন অভিনেতা।
ভ্যারাইটি জানিয়েছে, ২০১৭ সালে সর্বশেষ পর্ব ‘ডেড মেন টেল নো টেলস’ মুক্তির পর থেকে জল্পনা চলছিল ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়ে।
নিজের আগামী সিনেমা ‘এবেনেজার’-এর প্রচারে এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে জনি ডেপ জানিয়েছেন, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের’ একটি সুন্দর সমাপ্তি চান তিনি। সেজন্য তিনি জলদস্যুর পোশাকে ফের পর্দায় ফিরতে চান।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের’ প্রযোজক ও দীর্ঘদিনের বন্ধু জেরি ব্রুকহেইমারের কোনো প্রস্তাব তিনি ফেরাবেন না বলেও জানিয়েছেন অভিনেতা।
তিনি বলেন, “ফ্র্যাঞ্চাইজিটি কীভাবে শেষ হবে, সে বিষয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আমি শুধু গল্পটির একটি সুন্দর সমাপ্তি দেওয়ার জন্যই এতে যুক্ত হতে চাই। জেরির যে কোনো কাজে আমি যেকোনো মুহূর্তে যোগ দিতে রাজি। কারণ, তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি।”
জেরি ব্রুকহেইমারের সঙ্গে তার গভীর বন্ধুত্বের কথাও ওই সাক্ষাৎকারে তুলে ধরেন ডেপ।
সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জেতার পর কয়েক মাস আগেও একবার এমন আওয়াজ উঠেছিল। তবে পরে সেই গুঞ্জন থিতিয়ে যায়।
সেই প্রসঙ্গে কথা শোনা যায় গেল বছর। প্রযোজক জেরি ব্রুকহেইমারও নিশ্চিত করেছিলেন, পাইরেটসের নতুন সিনেমা নিয়ে ডেপের সঙ্গে তার কথা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ডেপ এতে কাজ করবেন বলে আশাবাদী ছিলেন তিনি। বর্তমানে জেফ নাথানসনের চিত্রনাট্যে সিনেমাটির কাজ এগোচ্ছে। ব্রুকহেইমার জানিয়েছিলেন, চিত্রনাট্যের শেষ ভাগটি দুর্দান্ত হয়েছে, এখন প্রথম ও দ্বিতীয় অংশ ঘষামাজা চলছে।
২০০৩ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ নিয়ে জ্যাক স্প্যারো হয়ে দর্শকদের সামনে আসেন ডেপ। তিন বছর পর ২০০৬ আসে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট’ নিসেমা।
এক বছর বাদেই ২০০৭ সালে মুক্তি পায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’। তারপর মুক্তি পায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’।
ডেপ অভিনীত এ ফ্রাঞ্চাইজির পঞ্চম এবং সর্বশেষ সিনেমাটি আসে ২০১৭ সালে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’। গোল বাঁধে ষষ্ঠ সিরিজে এসে।
সে সময় বিপত্তি শুরু হয় জনি ডেপের সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের মামলাকে কেন্দ্র করে। ২০১৮ সালে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। এর পর হলিউডের অনেক নির্মাতা জনি ডেপকে বর্জন করেন। অনেক সিনেমা থেকে বাদ পড়েন তিনি।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের’ প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি পিকচার্স থেকেও ডেপকে বাদ দেওয়া হয়।
তবে ২০২২ সালে হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় ডেপের পক্ষে রায় আসে। মামলা জেতার পর খবর রটে, অভিনেতার কাছে দুঃখ প্রকাশ করেছে ডিজনি। শুধু তাই নয়, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এর নতুন কিস্তিতে অভিনয়ের জন্য ৩০১ মিলিয়ন ডলারের প্রস্তাবও দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেলেও চুপ ছিলেন অভিনেতা।
তবে পরে মুখ খোলেন ডেপের মুখপাত্র। তিনি জানিয়েছিলেন, ডেপকে ডিজনির প্রস্তাব পাওয়ার খবর পুরোটাই বানোয়াট।
তবে চলতি মাসেই প্যারামাউন্টের সিনেমা ‘এবেনেজার’ দিয়ে সিনেমার মূল চরিত্রে ফিরছেন জনি ডেপ।
এ ছাড়া লায়ন্সগেটের আসন্ন থ্রিলার ‘ডে ড্রিংকার’-এর মূল ভূমিকাতেও দেখা যাবে অভিনেতাকে। অনেক গণমাধ্যম জানিয়েছে, ভক্তদের কথা চিন্তা করে শেষ পর্যন্ত জনি ডেপ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ ফিরতে রাজি হতে পারেন।
