১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে বিক্ষোভ

“জলবায়ু বিপর্যয় রুখে দিয়ে সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই কেবল সিডরে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 03:16 PM

Updated : 15 Nov 2026, 03:16 PM

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জনপদের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) দেশের পক্ষে ন্যায্য দাবি তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় বিক্ষোভ করেছেন তরুণ-তরুণীরা ।

রোববার সকাল সাড়ে ৯টায় ক্লাইমেট এ্যাকশন ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী ও জলবায়ুকর্মী কাফনের কাপড় পরে প্রতীকী ‘মৃতদেহ’ সেজে রাজপথে অভিনব প্রতিবাদ জানান।

‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ নামে এ কর্মসূচির শুরুতে বিক্ষুব্ধ তরুণরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় তারা ‘পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ, তাই জলবায়ুর অন্যায়ের হোক শেষ’, ‘জলবায়ু অর্থায়ন বাড়াও, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাও’, ‘উপকূলের মানুষের কষ্ট দেখুন, উপকূলের বাস্তবতা বুঝুন’, ‘ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ বাংলাদেশের প্রাণের দাবি’, ‘ক্ষতিপূরণ নয়, পানির ন্যায্যতা চাই’ এবং ‘উপকূল বাঁচাও, মানুষের জীবন রক্ষা করো’—এমন সব দাবিতে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে এসে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সুমন বলেন, “বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত এবং শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর ভয়াবহ মাশুল দিচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ।

“ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বাস্তুভিটা আজ চরমভাবে বিপন্ন। তাই চলমান কপ সম্মেলনে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ ও পর্যাপ্ত জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।”

সমাবেশে জলবায়ুকর্মী লুইস রানা গাইন গভীর শোক ও বেদনার সাথে ‘সিডর দিবস’কে স্মরণ করেন।

তিনি বলেন, “আজ ১৫ই নভেম্বর, ২০০৭ সালের এই দিনে দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। সেই ঝড় সরকারি হিসাব অনুযায়ী ৩ হাজার ৪৯৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল যদিও বেসরকারি মতে যা আরও অনেক বেশি। আহত ও সর্বস্বান্ত হয়েছিলেন লক্ষাধিক মানুষ।

“জলবায়ু বিপর্যয় রুখে দিয়ে সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই কেবল সিডরে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”

সমাবেশ থেকে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথম আলোর সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন বলেন, “শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন।”

আরেক সাংবাদিক চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি আমিনা বিলকিস ময়না বলেন, সিডরের মতো প্রলয়ঙ্করী দুর্যোগের ক্ষত আজও উপকূলবাসীর বুক থেকে শুকায়নি; বরং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে আজ সিডার বা আইলার মতো দানবীয় ঝড়গুলোর পুনরাবৃত্তি কেবলই বাড়ছে।

সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, সিডর দিবসের এই দিনে উপকূলের উপকূলীয় তরুণ সমাজ বিশ্ববাসীর কাছে স্পষ্ট বার্তা দিয়েছে—আর কত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ দেখলে টনক নড়বে বিশ্বনেতাদের?

ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন স্টার নিউজের সাংবাদিক গাজী ফরহাদ, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন, আফজাল হোসেন।

উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাত্যহিক সংগ্রামের বাস্তবতা তুলে ধরে এ বক্তারা বলেন, তারা ত্রাণ কিংবা ভিক্ষা চান না, বরং টেকসই বেড়িবাঁধ চান। লবণাক্ত পানি নয়, তাদের চাওয়া সুপেয় পানি। কৃষিজমি বাঁচিয়ে নিশ্চিত করতে হবে উপকূলের খাদ্য নিরাপত্তা।

জলবায়ু পরিবর্তনে তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা অবিলম্বে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমিয়ে এবং ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্থায়ী নিরাপত্তা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।