প্রধানমন্ত্রীর ঐক্যের বৈঠক, শর্ত দেওয়া এনসিপির সঙ্গে কী আলোচনা হল?
রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদবিরোধী ঐক্য ‘অটুট আছে’, বলেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সম্প্রতি সহিংসতা চলার মধ্যে সংসদের ভেতরের ও বাইরের গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান জানানোর ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আহ্বানের পর জামায়াত ও এনসিপির তরফে গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি শর্তের কথা বলেছেন দুই দলের নেতারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির নেতারা কী ঐক্যের কোনো শর্ত দিয়েছেন? কী আলোচনা হল সেখানে?
সচিবালয়ে সোমবার দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।
সেখানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদবিরোধী ঐক্য ‘অটুট আছে’।
বৈঠকে অংশ নেওয়া এনসিপির একজন নেতা বলেন, এনসিপির পক্ষ থেকে ‘কোনো শর্ত দেওয়া হয়নি’। পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে।
ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে।
জুলাই মাসে রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কেবল তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।
এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি নিয়ে কথার লড়াই চলছিল সরকার ও বিরোধী দলের মধ্যে। দুই পক্ষকে পরস্পরের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলে।
গেল ৯ নভেম্বর রয়টার্স খবর দেয়, শেখ হাসিনা নতুন পার্সপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন।
এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহন আগুন দেওয়া শুরু হয়। এরপর গোপালগঞ্জে থানা, হাসপাতাল ও এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করা হয়। ফরিদপুরে বাসে আগুন ও হামলায় নিহত হন কৃষকদলের নেতাসহ দুইজন। নড়াইলে মিছিলে হামলায় নিহত হন বিএনপির দুই নেতা। সহিংসতা ছড়ায় বেশ কয়েকটি জেলায়।
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপিসহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
সহিংসতার ঘটনায় পুলিশ ও সরকারের তরফে আওয়ামী লীগকে দায়ী করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গেল বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির কারণে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেশি হচ্ছে।
চলতি মাসে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এ মাসে দুইটা লকডাউন গেছে। তারা একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি এগিয়ে আসছে। এ নিয়ে তাদের তৎপরতা; তারা যে আছে এটা প্রকাশ করার জন্য।”
সে দিনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সে দিন সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “এই বাংলাদেশকে আবারো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা দেশে এবং বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে- এই সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসীরা দেশ এবং জনগণের বিরুদ্ধে আবারো সন্ত্রাসে লিপ্ত হয়েছে।”
প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক দেওয়ার প্রেক্ষিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার আগে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
শনিবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেছেন, “গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা অর্থহীন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হবে।”
রোববার যুক্তরাজ্য সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিছু শর্তের কথা তুলে ধরেন।
তিনি বলেছেন, ‘জাতীয় ঐক্যের’ প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত।
“আমাদের আহবান থাকবে যে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার তরান্বিত করা। এ যে সামনে আমাদের আসন্ন গঙ্গাচুক্তি, সেখানে নবায়নসহ দেশের এই গুরুত্বপূর্ণ যে মৌলিক ইস্যুগুলা আছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, এই মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।”
প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল এনসিপির?
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির চারজন নেতা অংশগ্রহণ করেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও রাজনৈতিক পরিষদের সদস্য আকরাম হোসাইন।
বৈঠকে অংশ নেওয়া দলটির একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ‘ফ্রেন্ডলি’।
তিনি বলেন, “একটা ফ্রেন্ডলি ডিসকাশন হয়েছে। আমরা বলেছি, উনি বলেছেন, এভাবে দীর্ঘসময় আলোচনা হয়েছে।”
এই নেতা বলেন, “বিএনপির ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন ও লেজিটিমাইজ করার জন্য যে চেষ্টা বা দলটির নেতাদের বক্তব্যে দেখা যাচ্ছে, সেটার বিষয়ে শক্তভাবে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ জানানো হয়েছে। এনসিপি বলেছে, এরকম কোনো সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না।”
জবাবে প্রধানমন্ত্রী ‘পদক্ষেপ নেবেন’ বলে এনসিপি নেতাদের আশ্বস্ত করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দলের অবস্থান ও সুপারিশগুলো তুলে ধরেছেন নাহিদ ইসলাম।
তার ভাষ্য, “নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার ফলেই আজকের এই সংকট তৈরি হয়েছে।”
গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং অর্থনৈতিক বিনিয়োগ নিশ্চিত করতে সংস্কারকে জাতীয় ঐক্যের প্রধান এজেন্ডা করার জন্য সুপারিশ করেন তিনি।
বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “এই কমিটি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।”
তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনা ও আলোচনা জারি রাখার কথা বলেছেন বলে তুলে ধরেন করেন নাহিদ ইসলাম।
এনসিপির একজন নেতা, যিনি বৈঠকে উপস্থিত ছিলেন, তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে উপজেলা স্তরে নিয়ে যেতে সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিগত ১৭ বছর রাজনৈতিক নেতাকর্মীরা যেভাবে গুম, খুনের শিকার হয়েছে, স্বজনরা যেন বিচার পান, সেটা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করা হয়।
বেঠকে বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য আকরাম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রায় দুই ঘন্টার বেশি সময় কথা হয়েছে। নাহিদ ইসলামসহ সবাই বৈঠকে কথা বলেছেন। আজকের বৈঠকে আওয়ামী লীগের বিচার ও জুলাই প্রশ্নে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী একমত হয়েছেন আমাদের সাথে।
“শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও প্রধানমন্ত্রী একমত হয়েছেন।”
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলগুলোকে কী বলা হচ্ছে, তা নিয়ে তার দুই উপদেষ্টার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়েছে।
একজন উপদেষ্টার ভাষ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই আলাপটার মোদ্দা কারণই হচ্ছে আওয়ামী লীগ প্রশ্নে ঐক্য ধরে রাখা।
তবে শেষ পর্যন্ত এর রাজনৈতিক লক্ষ্য কী, তা নিয়ে প্রশ্ন থাকবে বলে মনে করেন এই উপদেষ্টা।
তার ভাষ্য, এনসিপি বৈঠকে যোগদানের আগেই শর্তারোপ করেছে।
কিন্তু বৈঠকে কী এনসিপি কোনো শর্তের কথা বলেছে? জবাবে এনসিপি নেতা আকরাম হোসাইন বলেন, “আমাদের বৈঠকে কোনো শর্ত ছিল না, এটা ছিল একটা ‘ফ্রেন্ডলি ডিসকাশন’।”
কবে ডাক পাচ্ছে অন্যরা?
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অন্য দলগুলোকেও আমন্ত্রণ জানানো হতে পারে, এমন সম্ভাবনার কথা জানা গেছে বিএনপির দুই জন নেতার সঙ্গে কথা বলে।
গেল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার দপ্তরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে কথা বলেন। এখন দলীয়ভাবে জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত কোনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে আমরা ১১ দলীয় ঐক্য বসে ঠিক করবো কী আলাপ করবো, কী করা যায়।”
ছয় দিনের সফরে জামায়াত আমির শফিকুর রহমান বিদেশে থাকায় ১১ দলের বৈঠকটি তার ফেরার পর হতে পারে, এমন সম্ভাবনার কথা বলেছেন দলটির একজন নেতা।
সরকারি দলের একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, জামায়াত ছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বাসদসহ আরও কয়েকটি দলের সঙ্গেও মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী।
তবে সোমবার রাত ৮টা পর্যন্ত এসব দলকে আমন্ত্রণ জানানোর নিশ্চিত তথ্য মেলেনি।
