সিআইইউতে নজরুলজয়ন্তী উদযাপন
সভায় নজরুলের সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা ও দর্শন নিয়ে আলোচনা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার ইংরেজি বিভাগের এ আয়োজনে নজরুলের সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা ও দর্শন নিয়ে আলোচনা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে সিআইইউ উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (স্ল্যাশ) ডিন অধ্যাপক মো. খালেদ বিন চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান শাকিলা মুস্তাক, সহকারী অধ্যাপক লীমা সেনগুপ্ত ও প্রভাষক রাশেদা ফেরদৌস উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক পর্বে নজরুলসংগীত পরিবেশন করেন জিনান, আদ্রিতা, কায়লা, মোসাদ্দেক ও শ্রেয়া। কবিতা আবৃত্তি করেন ফাইহা ও মৌমিতা এবং নৃত্য পরিবেশন করেন মৌ।
