সিআইইউতে ‘কানেক্টিং উইথ সি-স্যুট’ এর ষষ্ঠ পর্ব
অনুষ্ঠানে পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে নতুন দক্ষতা অর্জন ও বাস্তব অভিজ্ঞতা লাভে শিক্ষার্থীদের পরামর্শ দেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও আহমেদ আরমান সিদ্দিকী।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে ‘কানেক্টিং উইথ সি-স্যুট’ সিরিজের ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়েছে।
নগরীর জামালখানে ক্যাম্পাস মিলনায়তনে বুধবার মতবিনিময়ধর্মী এ অনুষ্ঠান হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা ধরে রাখতে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা, পারস্পরিক সহযোগিতা, সাহসী মনোভাব এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে নতুন দক্ষতা অর্জন ও বাস্তব অভিজ্ঞতা লাভে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে পড়াশোনা, ব্যক্তিগত উন্নয়ন এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
‘কানেক্টিং উইথ সি-স্যুট’ সিআইইউর ব্যবসায় শিক্ষা অনুষদের নিয়মিত আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা করপোরেট জগতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পান। এটি তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতিতে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ইমন কল্যাণ চৌধুরী। বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
