চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ৫৮তম বোর্ড অব ট্রাস্টিজ সভা
সভায় স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জমি অধিগ্রহণ এবং মাস্টারপ্ল্যান প্রণয়নসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে আলোচনা হয়।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ট্রাস্টিজ বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে
বুধবার সিআইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জমি অধিগ্রহণ এবং মাস্টারপ্ল্যান প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া আগের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার গত দুই বছরে সিআইইউতে গৃহীত বিভিন্ন একাডেমিক উদ্যোগ, উল্লেখযোগ্য অর্জন এবং শিক্ষার মান ও একাডেমিক পরিবেশ উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং একাডেমিক উৎকর্ষ সাধনের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুবের সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যদের মধ্যে ইঞ্জিনিয়ার আলী আহমেদ, দিলরুবা আহমেদ, সৈয়দ মাহমুদুল হক, মির্জা সালমান ইস্পাহানি, হাবিবুল্লাহ খান, সাফিয়া গাজী রহমান, শাহাব উদ্দিন আলম, পারভীন মাহমুদ, আবদুস সালাম, মির্জা মোহাম্মদ জামশেদ আলী, ইফতেখার হোসেন উপস্থিত ছিলেন।
