০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সিআইইউতে শিক্ষার্থীদের নিয়ে এসিসিএর রোডশো

“এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা এসিসিএর শিক্ষাক্রম ও পেশাগত উন্নয়নের সুযোগ পাবে,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 09:54 PM

Updated : 03 Nov 2026, 09:54 PM

শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষায় পেশাগত যোগ্যতা অর্জনের সুযোগ সম্পর্কে ধারণা দিতে অনুষ্ঠিত হলো চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস’র (এসিসিএ) রোডশো।

এতে ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনস্ট্রেশনের (বিবিএ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে এসিসিএর বিভিন্ন পেশাগত যোগ্যতা অর্জনের পথ, আন্তর্জাতিক পর্যায়ের গ্রহণযোগ্যতা এবং বিবিএ ডিগ্রির পাশাপাশি এসিসিএ সনদ অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।

‘‘এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা এসিসিএর শিক্ষাক্রম, পেশাগত উন্নয়নের সুযোগ এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।’’

সিআইইউ কর্তৃপক্ষ মনে করে, শিক্ষার্থীদের সঙ্গে শিল্প ও পেশাজগতের অভিজ্ঞ ব্যক্তিদের সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও পেশাগত দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সিআইইউ শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও বৈশ্বিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে এসিসিএর পক্ষ থেকে বিজনেস রিলেশনশিপ এক্সিকিউটিভ শিকদার সাদ রাজ্জাক, বিজনেস রিলেশনশিপ এক্সিকিউটিভ এসিসিএ বাংলাদেশের ফারজানা ফাইয়েজা, এসিসিএ অনুমোদিত লার্নিং পার্টনার প্রফেশনাল স্কুল অব বিজনেসের (পিএসবি) কনসালট্যান্ট–অ্যাডমিনিস্ট্রেশন রিফাত হোসাইন উপস্থিত ছিলেন।