০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ এআই বিজনেস সামিটে ১৬টি প্রকল্প উপস্থাপন ড্যাফোডিলের

এসবে বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তুলে ধরা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 12:46 PM

Updated : 07 Nov 2026, 12:46 PM

বাংলাদেশ এআই বিজনেস সামিটে ১৬টি প্রকল্প উপস্থাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, উদ্যোক্তা উন্নয়ন, নিরাপত্তা, যোগাযোগ এবং নগর অবকাঠামোর মতো বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তুলে ধরা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সিএসই বিভাগের শিক্ষার্থীদের প্রকল্পগুলোর মধ্যে ছিল ‘ওবিই আই’, যা এআইচালিত ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার মান যাচাই এবং কোর্স ও প্রোগ্রামের নির্ধারিত ফলাফল অর্জন পর্যবেক্ষণের একটি প্ল্যাটফর্ম; ‘ইমাম এআই’, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইসলামি জ্ঞান ও গবেষণাসহায়ক প্লাটফর্ম; ‘নিউট্রিসয়েল’, যেখানে তাৎক্ষণিক মাটির সংবেদক তথ্য ব্যবহার করে এআইয়ের মাধ্যমে মাটির স্বাস্থ্য মূল্যায়ন করা হয়; ‘ডেঙ্গুক্লাস্টার এআই’, ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তকরণভিত্তিক একটি উদ্যোগ; ‘শিল্প এআই ইআরপি’, বাংলাদেশের তৈরি পোশাক কারখানার জন্য পূর্বাভাসভিত্তিক ও এআই-নির্ভর ব্যবস্থাপনা ব্যবস্থা; এবং ‘ইয়োফ্লেয়ার’, একটি এআইভিত্তিক দক্ষতা শনাক্তকরণ ও প্রতিভা-থেকে-ব্যবসা সংযোগের ইকোসিস্টেম।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রকল্পগুলোর মধ্যে ছিল ‘ফিফথআই এআই’, একটি বুদ্ধিমান পরীক্ষা মূল্যায়ন প্লাটফর্ম; ‘নিউরোক্লাস্টার এআই’, এআই-চালিত এমআরআই বিশ্লেষণ ও হাসপাতালের কম্পিউটিং ব্যবস্থাপনার প্লাটফর্ম এবং ‘ক্লিনিকবিডি’, স্বাস্থ্যসেবাভিত্তিক একটি ডিজিটাল উদ্যোগ।

কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা উপস্থাপন করেন ‘আরবর’, কথা বলতে অক্ষম মায়েদের জন্য কণ্ঠস্বরভিত্তিক যোগাযোগের প্রযুক্তি; ‘প্রহরী এআই’, পর্দা পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য ঘটনা শনাক্ত ও প্রতিরোধে সহায়ক এআই ব্যবস্থা; ‘স্মার্টবর্ডার’, আকাশভিত্তিক পর্যবেক্ষণ ও ভূমিতে আগাম সতর্কতা প্রদানের প্রযুক্তি; ‘আর্কিমাইন্ড এআই’, নির্মিত অবকাঠামোর জন্য একটি বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম; ‘লিডজিনিয়াস এআই’, গ্রাহকের তথ্যের নিয়ন্ত্রণ ও গোপনীয়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া একটি এআইভিত্তিক গ্রাহক ব্যবস্থাপনা ব্যবস্থা; ‘ইয়ন’, প্রতিষ্ঠাতাদের জন্য ব্যাখ্যাযোগ্য এআই সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা; এবং ‘কুপি’।