১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

বিএটি বাংলাদেশের কারিগরি দক্ষতা কাজে লাগাতে জাম্বিয়ায় ৯ সদস্যের দল

জাম্বিয়ার নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় সহকর্মীদের সঙ্গে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 11:06 PM

Updated : 15 Nov 2026, 11:06 PM

বাংলাদেশে অর্জিত কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগানোর ধারাবাহিকতায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি বাংলাদেশ) নয় সদস্যের একটি দল জাম্বিয়ার রাজধানী লুসাকায় পৌঁছেছে।

সেখানে বিএটি জাম্বিয়ার নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় সহকর্মীদের সঙ্গে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবেন তারা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএটি বাংলাদেশ জানিয়েছে, নয় সদস্যের এ দলের নেতৃত্ব দিচ্ছেন বিএটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এক্সিকিউটিভ ওহিদুর রহমান।

দলের অন্য সদস্যরা হলেন সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং বিভাগের মো. আবুল মনসুর মোজিদ, এসএম নাজমুল আলম বক্সা, ইব্রাহিম খলিল, কে এইচ রুবেল, মহিনউদ্দিন ও শুভ ঘোষ। এ ছাড়া প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমজাদ হোসেন ও মো. হাসানউদ্দিন রয়েছেন।

এর আগে পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে একই ধরনের দায়িত্ব পালন করেছেন বিএটি বাংলাদেশের কারখানার কর্মীরা। এসব দেশে তারা প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি বিএটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীদের সঙ্গে নিজেদের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেছেন।

বিএটি বাংলাদেশের অপারেশনস ডিরেক্টর শাবাব আলী বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে আমাদের টেকনিশিয়ানদের কারিগরি দক্ষতার ওপর এই আস্থা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের এই যাত্রা বিএটি বাংলাদেশের কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও নির্ভরযোগ্যতারই প্রতিফলন।

“বিশ্বমানের দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আত্মবিশ্বাসী, জাম্বিয়ায় এই দলটি মূল্যবান অবদান রাখবে।”