স্টেপ ফুটওয়্যারের পণ্য এখন আলিবাবা ডটকমে
“বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে,” বলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক।
ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমে এখন থেকে মিলবে ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ ফুটওয়্যার’ এর পণ্য।
উত্তরায় স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে গত ১ নভেম্বর বাংলাদেশে আলিবাবা ডটকমের অফিসিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টেপ ফুটওয়্যার বলেছে, “এর ফলে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতাদের কাছে ব্যবসায়িক সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।”
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন চুক্তিতে সই করেন।
বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ও পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শামীম কবির বলেন, “আলিবাবা ডটকমের মত আন্তর্জাতিক বিটুবি প্ল্যাটফর্মে যুক্ত হওয়া স্টেপ ফুটওয়্যারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।”
