ইবাদতকে যে কারণে বোলিংয়ে দেখা যায়নি
৬৪ ওভার ধরে শুধু ফিল্ডিং করেছেন ইবাদত হোসেন চৌধুরি, ডাক পাননি বল করার!
দ্বিতীয় দিন বিকেলে ওয়ান্ডারার্সের গ্যালারি থেকে বারবার শোনা গেল, ‘ইবাদত... ইবাদত... ইবাদত’ স্লোগান। কিন্তু বোলিংয়ের ডাক পড়ল না তার। সোমবার প্রথম সেশনের পুরোটাতেও বোলিং পাননি ইবাদত হোসেন চৌধুরি। লম্বা সময় ধরে তার বোলিং না করার কারণ ব্যাখ্যা করেছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
ব্যাটিংয়ে শক্তি বাড়ানোর জন্য জোহানেসবার্গে চার বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। তবুও মাঠে থেকেও বোলিংয়ে নেই ইবাদত আছেন। দ্বিতীয় দিন চা বিরতির পর দুই ওভার করতে দেখা যায় তাকে। এর আগে করেন আরও পাঁচ ওভার। এরপর ৬৪ ওভার পেরিয়ে গেলেও ডাক পড়েনি ইবাদতের।
এই লম্বা সময়ের মাঝে অনিয়মিত বাঁহাতি স্পিনার মুমিনুল হকও করে ফেলেন ১৪ ওভার, ভেঙে দেন মার্কাস অ্যাকারম্যান ও জুবাইর হামজার ২০২ রানের জুটি। তবু বোলিংয়ে আনা হয়নি ইবাদতকে। এক পর্যায়ে তাই স্বাগতিক দর্শকরাও স্লোগান দিতে শুরু করেন, ‘উই ওয়ান্ট ইবাদত।’
তাতেও কোনো কাজ হয়নি। সোমবার দুই স্পেলে ৭ ওভার করে ৩৬ রান খরচ করা ইবাদতকে ইনিংসের ৩৬তম ওভারের পর আর বল করতে ডাকেননি নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার ২৮ ওভারের প্রথম সেশনে বাকি চার বোলার হাত ঘোরালেও সুযোগ পাননি ইবাদত।
তৃতীয় দিনের খেলা শেষে রায়ান রিকেলটন আশঙ্কা প্রকাশ করে বলেন, হয়তো কোনো চোটে পড়েছেন ইবাদত। তাই তাকে বোলিং করায়নি বাংলাদেশ। কিন্তু তেমন কিছুও হয়নি। কারণ আগের দিন শেষ বিকেল কিংবা নতুন সকালে প্রায় পুরোটা সময়ই ফিল্ডিং করেন তিনি।
তাহলে চার বোলারের আক্রমণ সাজানোর পরও কেন ব্যবহার করা হয়নি ইবাদতকে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুটে যায় তাসকিনের কাছে। উত্তরে ম্যাচের পরিস্থিতি ও উইকেটের আচরণের কথা বলেন অভিজ্ঞ এই পেসার।
“একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, একটু এদিক-ওদিক হলেই রান হয়ে যাচ্ছে। খুব ভালো ব্যাটিং উইকেট এটা। তাই মার্জিন খুব ছোট। গতকাল দূর্ভাগ্যবশত স্পিনাররা ভালো করতে পারেনি। আজকে কিন্তু মিরাজ ভালো শুরু করছে। ও ভালো শুরু করায়, নতুন বল নেওয়ার পর দ্রুত উইকেট গেছে।
“এখানে বোলারদের মার্জিনটা খুবই ছোট। আমরাও একদিনে ৪০০ রানের কাছাকাছি করেছিলাম। এটাই আর কি! মার্জিন যেহেতু ছোট, হয়তো ক্যাপ্টেন চিন্তা করেছে, যেহেতু স্পিনাররা দুই পাশ থেকে ভালো করছে, নতুন বল নেওয়ার পরে (ইবাদত) আসবে। হয়তো কিছুক্ষণের মধ্যে ও আসতো বোলিংয়ে। তো লাঞ্চের পরে ওর আসার কথা ছিল। তখন তো বৃষ্টি নেমে গেল।”
