০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের মারধরে দর্জির মৃত্যু, ছেলে আহত

১৯ অক্টোবর ১০ মিনিটের কথা বলে সাইফুলের মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল চেয়ে নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 12:22 AM

Updated : 02 Nov 2026, 12:22 AM

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের মারধরে এক দর্জির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলেও আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজিরদিঘির পাড় বাজারে এ ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান।

নিহত হোসেন আহমেদ (৫০) উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত সুলতান আহম্মদের ছেলে।

এ ঘটনায় আহত সাইফুল ইসলামকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলেন, ১৯ অক্টোবর ১০ মিনিটের কথা বলে সাইফুলের মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল চেয়ে নেন। তবে পরবর্তীতে তা ফেরত দিতে বাহানা করতে থাকেন।

উত্তর হামছাদী ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, “মোটরসাইকেল ফেরত দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন নিয়ে আমার দোকানে একটি বৈঠকের কথা ছিল। কিন্তু শাকিল বসতে রাজি না হলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাকিল ও বিপ্লব মিলে হোসেনকে মারধর করেন। হোসেন আগে থেকেই হৃদরোগী ছিলেন। মারধরের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

নিহতের ছেলে সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, “গাড়ি ফেরত দেওয়ার কথা বলে আমাদের ডেকেছিল। আমি, আমার বাবা ও মেজো ভাই গাড়ি আনতে গেলে শাকিল আমার বাবার বুকে ও নাকে সজোরে আঘাত করে। এতে আমার বাবার মৃত্যু হয়।”

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জহুরুল ইসলাম রনি বলেন, “হোসেন নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।