২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মাটির ব্যবসা নিয়ে আগেও প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে খোরশেদকে হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে দাবি স্বজনদের।

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে থেকে নিহত খোরশেদ আলমের লাশ নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 05:12 PM

Updated : 28 Oct 2026, 05:12 PM

লক্ষ্মীপুর সদরে মাটির কেনাবেচাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ ফারভেজ।

নিহত খোরশেদ আলম (৫০) ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খোরশেদের মৃত্যুতে হাসপাতাল এলাকায় তার স্ত্রী-মেয়ে ও স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। তারা হত্যাকাণ্ডের বিচার চেয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মাটির ব্যবসা নিয়ে এর আগেও প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে খোরশেদকে হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে দাবি স্বজনদের।

খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার বলেন, খোরশেদ মাটির ব্যবসা করতেন। দুপুরে তাকে দুইজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন খোরশেদ পড়ে আছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি মারা গেছেন। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।

ওসি ওয়াহিদ ফারভেজ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।