০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক গুলিবিদ্ধ

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, “কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 10:57 PM

Updated : 08 Nov 2026, 10:57 PM

খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাতে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান।

৫৯ বছর বয়সি গুলিবিদ্ধ মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক।

মশিউর রহমান সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান।

তিনি বলেন, এ সময় তারা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, “কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

“কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।”