১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসুর তফসিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে আম্মাররা

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 12:50 AM

Updated : 18 Nov 2026, 12:50 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে দিনভর অবস্থান কর্মসূচি পালন করছে ‘রাবি সংস্কার আন্দোলন’।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বাধীন সংগঠনটির নেতাকর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

‘রাবি সংস্কার আন্দোলন’ এর সদস্যসচিব আরিফ আলভী বলেন, “রাকসু সচল থাকলে ক্যাম্পাসে জবাবদিহিতা তৈরি হয়। শিক্ষার্থীরা সচেতন থাকলে কেউ স্বৈরাচারী মনোভাব দেখানোর সাহস পায় না। তাই ছাত্রজীবন থেকেই যেন নেতৃত্ব বিকশিত হতে না পারে, সেজন্যই রাকসু বা ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ রাখার পাঁয়তারা চলছে।”

তিনি বলেন, “প্রশাসন যদি রাকসু নির্বাচন দিতে গড়িমসি করে, তবে তাদের কোনো অদৃশ্য স্বার্থ রয়েছে বলে আমরা মনে করতে বাধ্য হবো। একটি পক্ষ ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বজায় রাখতেই এই নির্বাচন চায় না।”

পরে রাত ৭টার দিকে উপাচার্যের কনফারেন্স কক্ষে প্রশাসনের সঙ্গে আলোচনা সভায় বসেন ‘রাবি সংস্কার আন্দোলন’ এর নেতারা।

পরে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “রাকসুর অডিট সম্পন্ন হওয়ার আগে নির্বাচন দেওয়া সম্ভব না। কারণ শিক্ষার্থীদের কাছে প্রশাসনের জবাবদিহিতা করতে বাধ্য।”

এদিকে আলোচনা শেষে ফের অবস্থান কর্মসূচিতে বসে সংগঠনটির নেতাকর্মীরা। রাত সাড়ে ১২টা পর্যন্ত নেতাকর্মীদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

‘রাবি সংস্কার আন্দোলন’ এর আহ্বায়ক ও রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “প্রশাসন যে যুক্তি দেখাচ্ছে, সেটা একটা ফাতরা যুক্তি। ২৩ জন সম্পাদকের অডিটের কারণে বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থী বঞ্চিত হবে কেন? আমাদের স্পষ্ট অবস্থান হল, দাবি আদায় না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”