১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবি ছাত্রশিবিরের

সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা রক্ষায় রাকসু সচল রাখার দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 09:52 PM

Updated : 10 Nov 2026, 09:52 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “রাকসুর নতুন তফসিল ঘোষণার দাবিতে আমরা প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম এবং যথাসময়ে তফসিল না দিলে মাঠপর্যায়ে কর্মসূচির হুঁশিয়ারি ছিল। এরপরও যদি প্রশাসনের শুভবুদ্ধির উদয় না হয় এবং নির্বাচন বানচালের চেষ্টা করা হয়, তবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা রক্ষায় রাকসু সচল রাখার জোর দাবি জানান।

এ সময় তিনি প্রশ্ন তুলেন, “ভর্তি পরীক্ষার সঙ্গে রাকসুর তফসিল ঘোষণার কী সম্পর্ক তা আমাদের বোধগম্য নয়। দীর্ঘ সময় পর সচল হওয়া রাকসুকে প্রশাসন বন্ধের চেষ্টা করবে- তা কেউ যেন স্বপ্নেও না ভাবে।”

মানববন্ধনে শহীদ হবিবুর রহমান হল সংসদের সাবেক ভিপি আহসানউল্লাহ ফারহান বলেন, চক্রান্তের মাধ্যমে রাকসু বন্ধের চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না।