নারায়ণগঞ্জে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কাশিমপুর কারাগার থেকে পালানো হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দুই বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার উত্তর বরকল এলাকার বাসিন্দা আবু মোকারম (৪৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের একটি হত্যা মামলায় ২০১৩ সালে আদালত আবু মোকারমকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ৬ অগাস্ট কাশিমপুর কারাগারে বন্দিদের দাঙ্গার সুযোগ নিয়ে তিনি পালিয়ে যান।
পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাতে এসআরবি জানায়, পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে রাখেন। ওই মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।
