তিন লাখ ছাত্রী পাচ্ছে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির কৃতি তিন লাখ ছাত্রী পাচ্ছে বাইসাইকেল; যার নমুনা নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সরকারপ্রধান কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে পরখ করেন বলে তার উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা জানিয়েছেন।
তিনি বলেন, “ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার। তার কয়েক ধরনের নমুনা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।
“প্রধানমন্ত্রী সেই নমুনা বাইসাইকেলগুলো নিজেই কার্যালয়ের সামনে পরখ করে দেখেছেন।”
এক প্রশ্নের জবাবে সুজাউদ্দৌলা বলেন, বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই প্রধানমন্ত্রী নিজে সেগুলো চালিয়ে দেখেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে এসব বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা বলেন, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় বাইসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারপ্রধানের সাইকেল চালানোর সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক।
